২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি গভর্নমেন্ট গঠনে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই

ছয় মেয়র এ সপ্তাহে সিটি গভর্নমেন্ট বিষয়ে আলোচনায় বসার আগে শনিবার এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সিটি গভর্নমেন্ট গঠনে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

জাতীয় প্রেসক্লাবে ‘সিটি গভর্নমেন্ট’ শীর্ষক আলোচনায় বক্তারা আরো বলেন, করপোরেশনের আওতায় উন্নয়ন সমন্বয়হীনতার কারনেই সিটি গভর্নমেন্টের প্রয়োজনীয়তা আলোচিত হচ্ছে।

সেন্টার ফর ডেভলপমেন্ট কম্যুনিকেশনের আয়োজনে মুহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার কমিশনের সাবেক চেয়ারম্যান রহমত আলী এমপি, ন্যাশনাল আরবান কাউন্সিলের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক তোফায়েল আহমেদ, বদিউল আলম মজুমদার, খন্দকার সাখাওয়াত হোসেন ও অধ্যাপক মনসুর মোর্শেদ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অধ্যাপক মোজাফফর আহমেদ।

রহমত আলী এমপি বলেন, স্থানীয় সরকার স্বশাসিত হওয়ার অধিকার আছে। সংবিধান অনুসারে সকল স্থানীয় সরকারের মত সিটি গভর্নমেন্টেরও স্বশাসিত হওয়া প্রয়োজন।

তিনি বলেন, সিটি করপোরেশন এ্যাক্ট’র মাধ্যমে শুধু এলাকা নির্ধারিত হয়। উন্নয়ন কর্মকান্ড সমন্বয়ের জন্য এই এ্যাক্ট পরিবর্তন করা দরকার।

মোজাফফর আহমেদ বলেন, দাতা সংস্থারা বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে তার স্বায়ত্বশাসন দাবি করছে। অথচ স্থানীয সরকার কাঠামোর আলোকে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষকে নিয়ে ভাবছে না। 

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের যাবতীয় সীমাবদ্ধতা সত্ত্বেও মেয়র মহিউদ্দিন চৌধুরী তার নিজেস্ব উদ্যোগে অনেকখানি স্বায়ত্বশাসন কার্যকর করতে সমর্থ হয়েছেন।

তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকা ঢাকা সিটি করপোরেশনের চেয়ে দশগুন বেশি। রাজউক অঞ্চল অনুযায়ী সিটি গভর্নমেন্ট গঠিত হলে ছয়টি পৌর অঞ্চল এর আওতায় পড়বে।

অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকারগুলোতে আইনগত কাঠামো এক ব্যক্তি কেন্দ্রিক। মেয়র বা চেয়ারম্যানদের সকল ক্ষমতা দেয়া হলেও কমিশনারদের কোন ক্ষমতা নেই।

তিনি বলেন, সিটি গভর্নমেন্ট চালু করার আগে সামগ্রিকভাবে স্থানীয় সরকার পদ্ধতি বিবেচনা করা উচিত।

অবশ্য অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী বলেন, টোকিও এবং ম্যানিলা ছাড়া এশিয়ার অন্য কোন দেশে সিটি গভর্নমেন্ট দক্ষতা দেখাতে পারেনি।

অন্য বক্তারা বলেন, সিটি গভর্নমেন্ট চালু হলে সকল উন্নয়ন সংস্থা এর আওতায় থাকবে। ফলে সব সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করা সম্ভব হবে। বর্তমান আইন অনুসারে সিটি করপোরেশনগুলো মন্ত্রনালয়ের কাছে দায়বদ্ধ।