২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরের পথ রুদ্ধ করে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেছেন : স্বেচ্ছাসেবক লীগের অনশনে ড. কামাল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচারের রায় কার্যকরের পথ রুদ্ধ করে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি তাদের শপথ ভঙ্গ করেছেন। আর এ রায় কার্যকরকে প্রলম্বিত করতে সুচতুর আইন মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদের হাত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 06:07 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে শনিবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত গণ অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে দেওয়া বক্তব্যে ড. কামাল হোসেন এ কথা বলেছেন।

রাজধানির মুক্তাঙ্গনে অনশন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম।

অনুষ্ঠানে বক্তৃতাকালে দেশের প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেন, একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা করা রাষ্ট্রদ্রোহিতা। আর এ হত্যার বিচার কাজ স্থগিত করা মহা অপরাধ। তিনি বলেন, বিএনপি জামাত জোট রাষ্ট্র ক্ষমতায় এসে খুনিদের রক্ষা করছে। বঙ্গবন্ধুর খুনিদের তারা পুনর্বাসিত করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে বিরোধী দল ঘোষিত রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্রকে জোটের রাহুগ্রাস থেকে মুক্ত করে বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করা হবে।

সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেন, মহাতœা গান্ধী, নেহেরু, শেরে বাংলা আন্দোলন করেও বাঙালি জাতিকে স্বাধীনতা দিতে পারেন নি। বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, শুধু অনশন নয়, জনগণকে আন্দোলনে সামিল করে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করতে হবে।

সকাল ৯ টা থেকে দুপুর দু’টা পর্যন্ত অনুষ্ঠিত অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ অ্যাডভোকেট, আবুল মাল আব্দুল মুহিত, অধ্যাপক শামসুল হুদা হারুন, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ, অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, সৈয়দ শামসুল হক, ওবায়দুল কাদের, মাহমুদুর রহমান মান্না, জাসদ নেতা সৈয়দ জাফর সাজ্জাদ, শিরিন আখতার, নাজমুল হক প্রধান, অধ্যাপক শাহাদাত উল্লাহ্, অধ্যাপক ডা: ইকবাল আর্সালান, গোলাম কুদ্দুস ও পংকজ দেবনাথ।

বক্তারা জোট সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, বর্তমান সরকারের কাছে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরের দাবি করে লাভ নেই। ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে বিএনপি জামাত জোটের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এ রায় কার্যকর করতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি পরে পানি পান করিয়ে অনশন ভাঙ্গান।