২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর মত আমিও দেশের মানুষের সেবা করতে চাই: জয়

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় বলেছেন, বঙ্গবন্ধুর মত বিশাল হৃদয় নিয়ে আমিও বাংলাদেশের মানুষের সেবা করতে চাই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 04:43 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

তিনি শুক্রবার নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শোক দিবস পালন ও সংগঠনের তহবিল সংগ্রহ উপলক্ষ্যে নৈশভোজে একথা বলেন। এ ফাউন্ডেশন জয় নিজেই প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশী অধ্যুষিত কুইন্সের উডসাইড এলাকায় একটি বাংলাদেশী পার্টি সেন্টারে এই প্রথমবারের মত তিনি প্রবাসীদের সামনে বক্তব্য রাখলেন।

আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জয় বলেন, আমি বাংলাদেশের মানুষের জন্যে কিছু করতে চাই। আমি এ কাজ করতে চাই আপনাদের সাথে নিয়েই।

তিনি আরো বলেন, বাংলাদেশে এখনো গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন অনুপস্থিত।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আদর্শ উদ্দেশ বর্ণনা করে জয় বলেন, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং কল্যাণমূলক একটি সামাজিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের ইমিগ্রেশন ও চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা করা হবে।

তিনি এক্ষেত্রে সকল বিত্তবান প্রবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভা শেষে নিউইয়র্কের বিভিন্ন স্কুলে কৃতিত্বপূর্ণ ফল করায় ১১ জন বাংলাদেশী ছাত্র-ছাত্রীকে প্রশংসাপত্র দেওয়া হয়।

এ সভায় আরো বক্তব্য রাখেন ড. আব্দুল মোমেন, ড. সিদ্দিকুর রহমান, ড. মহসীন আলী, মজিবুর রহমান প্রমুখ। সিটি মেয়রের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সিটি কাউন্সিলের ইমিগ্রেশন কমিশনার মি. লিনাবেস।

আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসে তোপের মুখে পড়েন বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সভাপতি এনামুল মালিক। রাশেদ খান মেনন ও শাহরিয়ার কবিরসহ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের নেতৃবৃন্দ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় তাকে এ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

তবে এনামুল মালিক বিডিনিউজকে বলেন, আমার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি আদৌ রাশেদ খান মেনন ও শাহরিয়ার কবির সম্পর্কে কোনো আপত্তিকর মন্তব্য করিনি।