২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোটের হাত থেকে জাতি যতো তাড়াতাড়ি মুক্তি পায় ততোই মঙ্গল : আবাহনীর অনুষ্ঠানে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট সরকারের হাত থেকে জাতি যতো তাড়াতাড়ি মুক্তি পায় ততোই মঙ্গল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সরকার সবকিছুকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গী দিয়ে দেখে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধের চেতনা ও ঐতিহ্য ধ্বংস করছে। লুটপাটের বাণিজ্য চলছে প্রতিটি ক্ষেত্রে। এদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।

শুক্রবার ক্রীড়া সংগঠন আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের ৫৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, আবাহনীর বিরুদ্ধে বৈরী মনোভাব নিয়ে সরকার নানাভাবে বাধা দিচ্ছে। পঁচাত্তরের ১৫ আগস্ট শেখ কামালসহ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকেই আবাহনীকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এ সংগঠনটির গলা টিপে হত্যার চেষ্টা হয়েছে। আবাহনীর মতো সংগঠন সরকারের রোষাণলে পড়ে যেন ধ্বংস না হয়, সেজন্য আবাহনীর সংশ্লিষ্ট ব্যক্তিসহ দেশবাসীকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ধানমণ্ডিতে আবাহনী ক্লাব চত্বরে আবাহনী সমর্থক গোষ্ঠী আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম।

আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, পরিচালক ও ক্রিকেট চেয়ারম্যান এএইচএম মোস্তফা কামাল, পরিচালক হারুনর রশিদ, সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা কাজী আব্দুল হাকিম,  ফজলে এলাহী বাদল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদশা।

অনুষ্ঠানের শুরুতে শেখ হাসিনা আবাহনী ক্লাবে রক্ষিত এর প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তিনি কৃতী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের ‘শেখ কামাল স্বর্ণপদক’ ও ক্রেষ্ট তুলে দেন।

শেখ হাসিনা বঙ্গবন্ধু ও শেখ কামালসহ পরিবারের স্মৃতিচারণ করে বলেন, জাতির জনক দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারাজীবন সংগ্রাম করে গেছেন। এজন্য তাকে বার বার কারাগারে যেতে হয়েছে। কারাগারই ছিলো তার ঠিকানা। আর তার সঙ্গে দেখা করতে আমাদের যেতে হতো জেল গেটে। শিশু কামাল বাবাকে তেমন দেখার সুযোগ পায়নি।

আবেগাপ্লুত শেখ হাসিনা অশ্র“সিক্ত নয়নে বলেন, একবার জেলগেটে গিয়ে কামাল আমাকে বললো, ‘হাসু আপা আমি কি তোমার আব্বাকে একবার আব্বা ডাকতে পারি’?

শেখ হাসিনা বলেন, কামাল শুধু আবাহনী নয়, যুব সমাজ ও শিশুদের জন্য আজীবন কাজ করে গেছে। সে ছিলো একজন দক্ষ সংগঠক।

তিনি বলেন, পরিকল্পিতভাবে শেখ কামালকে নানাভাবে দোষারোপ করা হয়। বদনাম করে চালানো হয় অপপ্রচার।  সংসদেও ক’দিন আগে বিএনপির এক এমপি বলেন, কামাল নাকি ব্যাংক ডাকাতি করেছিলো। কিন্তু তাদের জানা উচিত রাত ১২ টায় বাংলাদেশ ব্যাংক ডাকাতি করা সম্ভব নয়। আর টাকার জন্য প্রধানমন্ত্রীর পুত্রের জন্য ব্যাংক ডাকাতি করতে যাওয়ার দরকার পড়েনা। বর্তমান প্রধানমন্ত্রীর পুত্রই তার প্রমাণ।

শেখ হাসিনা বলেন ‘৭৪ সালে যে গাড়িতে গুলি চালানো হয়েছিলো সেই গাড়িতে কামালের একজন বন্ধু ছিলো। সে এখন বিএনপির মন্ত্রী। সে কি তাহলে স্বীকার করবে যে সে ডাকাতি করতে গিয়েছিলো।

তিনি বলেন, আমাদের পরিবার দেশের জন্য কি করেছে, আর বর্তমান ক্ষমতাসীনরা কি করেছে- এ তুলনা করলেই বোঝা যায় কারা এ দেশের জন্য কাজ করেছে। তিনি বলেন, আমাদের কারণে কাউকে মাথা হেঁট করতে হয়নি।

বিরোধী দলীয় নেতা বলেন, ক’দিন আগেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ওয়াশিংটনে প্রচুর পরিমান ডলারসহ ধরা পড়েছিলো।  ইমিগ্রেশন তাকে আটকিয়ে জিজ্ঞাসাবাদও করে। তিনি বলেন, দেশের সম্পদ বিদেশে পাচার করতে গিয়ে ধরা পড়ছে তারা। দেশকে তারা কোথায় নিয়ে যাচ্ছে - প্রশ্ন করেন আওয়ামী লীগ প্রধান।