২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর নটবর সিং শনিবার ঢাকা আসছেন

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনকে সামনে রেখে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী কে নটবর সিংয়ের তিনদিনব্যাপী ঢাকা সফরকে ভারতের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা মিমাংসার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কে নটবর সিং তিনদিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার ঢাকা পৌঁছবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

২০০৪ সালের মে মাসে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় বসার পর ভারতীয় কোনও মন্ত্রীর এটিই হতে যাচ্ছে প্রথম ঢাকা সফর।

নটবর সিংয়ের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যেকার সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা করছে ঢাকা।

পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন জানান, এই সফর যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাওয়ার পাশাপাশি আরো জোরদার  হবে।

পররাষ্ট্রমন্ত্রণালয়ে বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বলেন, পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর দু’দেশের মধ্যে একটি সাংস্কৃতিক বিনিময় চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

অন্যদিকে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নভতেজ শর্ণা বলেন, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়। পারস্পারিক স্বার্থের জন্য বিশ্বাস, বন্ধুত্ব ও সমঝোতার সম্পর্কের ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ।

নটবর সিংয়ের সফরকালে বাংলাদেশ পরিচালিত তথাকথিত উত্তরর্পূবাঞ্চলের জঙ্গী উপস্থিতি,  অবৈধ অভিবাসন, সীমান্তে বেড়া দেওয়া, এবং ভারত-বাংলাদেশ-মায়ানমারের মধ্যে গ্যাস পাইপলাইন নিয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের কর্মকর্তারা জানান, আনুষ্ঠানিক বৈঠকে অন্যান্য ইস্যুর মধ্যে  ঢাকা ও দিল্লির মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি, শুল্ক ও শুল্ক বহির্ভূত বাধা, বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ ও অভিন্ন নদীর পানি বন্টন নিয়েও দু’পক্ষের মধ্যে আলোচনা হবে।

 বৈঠককালে প্রস্তাবিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংষ্কারের বিষয়টিও ভারতের পক্ষ থেকে উত্থাপিত হতে পারে। ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ প্রাপ্তির চেষ্টা করে যাচ্ছে।

শনিবার পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের সঙ্গে নটবর সিংয়ের আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। একই দিনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, এলজিআরডি মন্ত্রী ও বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার সঙ্গেও সাক্ষাত করবেন। এ ছাড়াও মোরশেদ খানের আমন্ত্রণে তিনি নৈশভোজে যোগ দেবেন।

পরদিন ৭ আগস্ট প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত এবং মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন করবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী নটবর সিং। তাছাড়া একই দিন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের পূর্বে একটি সেমিনারেও যোগ দেবেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী।

এছাড়া ৮ আগস্ট ঢাকা ত্যাগের পূর্বে তিনি রামকৃষ্ণ মিশন পরিদর্শনে যাবেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের ঢাকা সফরের ধারাবাহিকতায় সেপ্টেম্বরে ভারতের বাণিজ্যমন্ত্রী কমল নাথ এবং অক্টোবরে পানি সম্পদ মন্ত্রী প্রিয় রঞ্জণ দাস মুন্সীও ঢাকা সফরে আসবেন।