শেখ কামালের ৫৭ তম জন্মবার্ষিকী পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৫৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন সকাল ৮ টায় ধানমন্ডির আবাহনী ক্লাব লি: এ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং বনানীতে শহীদদের কবর জিয়ারত করেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ শুক্রবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ওবায়দুল কাদের, আবদুর রহমান, আসাদুজ্জামান নূর, মীর্জা আজম, ওবায়দুল মোক্তাদির চৌধুরী, ড. মীজানুর রহমান, শহীদ সেরনিয়াবাত প্রমুখ। সভায় বক্তারা বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে শেখ কামাল ছিলেন অনন্য ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার ও তুখোড় ছাত্রনেতা। স্বাধীনতা পূর্ব ছাত্র আন্দোলনে তিনি অগণী ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ সমরে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সকালে এক আলোচনা সভার আয়োজন করে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শেখ কামালের শিক্ষক ড. রঙ্গলাল সেন, ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, মমতাজ হোসেন, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, পংকজ দেবনাথ প্রমুখ। সভায় বক্তারা বলেন, খালেদা-নিজামীর দুর্নীতি, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাকে রুখতে প্রয়োজন শেখ কামালের মতো সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী।
