গণফোরামের সম্মেলনে বিরোধী নেতারা দেশ বাঁচাতে ঐক্যের ডাক দিলেন
গণফোরামের জাতীয় সম্মেলনে প্রায় সব কয়েকটি বিরোধী দলের নেতা জোট সরকারের ‘অপশাসন’ থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে শুক্রবার এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগসহ ১৪ দলের শীর্ষ নেতারা এ আহ্বান জানান।
গণ ফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী এমপি, বার কাউন্সিলের সহ-সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
