প্রধানমন্ত্রীর এত আত্মবিশ্বাস থাকলে বিরোধী দলের সংস্কার প্রস্তাব মেনে নির্বাচন দিন: দেশে ফিরে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিয়ে বলেছেন, তার এত আতœবিশ্বাস থাকলে বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব মেনে নিয়ে নির্বাচন দিন।
প্রধানমন্ত্রী বুধবার এক সমাবেশে বলেছিলেন, নির্বাচনে জিততে পারবে না বলে বিরোধী দল এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
আমেরিকায় ১৯ দিনের সফর শেষে বৃহস্পতিবার ভোরে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনসমর্থন নেই এবং রাজনৈতিকভাবে প্রতিযোগিতায় টিকতে পারবে না বলে বিএনপি এখন সন্ত্রাসীদের দিয়ে খুন-অত্যাচার করে অস্ত্র ও গায়ের জোরে নির্বাচন করতে চায়।
বিএনপি নেতা জিন্টুর ফাঁসির দণ্ডাদেশ মওকুফের ব্যাপারে শেখ হাসিনা বলেন, হত্যাকারীকে দেশে এনে রাষ্ট্রপতির নামে তার দণ্ড মওকুফের ঘোষণা দেওয়ার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। এর মাধ্যমে যে নজীর স্থাপন করা হয়েছে, তাতে খুনিরাই উৎসাহিত হবে।
তিনি বলেন, খুনিদের রক্ষা করাই প্রধানমন্ত্রীর চরিত্র। ৩০ হাজার মামলা তুলে নিয়ে তিনি সন্ত্রাসীদের সমাজে প্রতিষ্ঠিত করছেন। খুনিদের নিয়েই তাদের কারবার। এ সরকার দেশটাকে নিয়ে খেলছে। দেশে হত্যা-খুনের রাজত্ব কায়েম করেছে তারা।
শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কিন্তু গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের মতো সুনির্দিষ্ট অপরাধের জন্য দালাল আইনসহ বেশ ক’টি আইন করেছিলেন।
তিনি আরও বলেন, খন্দকার মোস্তাক ক্ষমতা দখল করে তার পছন্দের জেনারেল জিয়াকে সেনা প্রধান নিযুক্ত করেছিলেন। আর জিয়া পরে ক্ষমতা দখল করে মার্শাল ল’র মাধ্যমে দালাল আইন রহিত করেন। তিনি যুদ্ধাপরাধীদের ছেড়ে দেন। খুনি অপরাধীদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে আসেন। আসলে এদের চরিত্র হল খুনিদের রক্ষা ও মদদ দেওয়া।
অপরাশেন ক্লিনহার্ট ও র্যাব অভিযানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, এ সরকার বিনা বিচারে মানুষ হত্যা করে ইনডিমনিটি দিচ্ছে।
সম্প্রতি লন্ডনে বোমা হামলার কথা উল্লেখ করে আওয়ামী লীগ প্রধান বলেন, ওই বোমা হামলা তো টনি ব্লেয়ার ঘটাননি। এ জন্য তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করতে পারছে। কিন্তু ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবার জড়িত। তারাই এ ঘটনা ঘটিয়েছে। এ কারণে অপরাধীদের ধরা হচ্ছে না।
তিনি বলেন, আমাকে হত্যা করতে সরকারই স্বয়ং চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা জড়িত না থাকলে এতো গ্রেনেড আসলো কোত্থেকে? গ্রেনেডে মারার জন্য এতো প্রশিক্ষিত লোক আসলো কীভাবে?
দ্রব্য মূল্য বৃদ্ধিতে দেশের মানুষের নাভিঃশ্বাস উঠেছে উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিএনপি জামাত জোট দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে।
বিরোধী দলীয় নেতা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী এমপিদের আবারও বেতন ভাতা বৃদ্ধির কড়া সমালোচনা করে বলেন, এক বছরে প্রধানমন্ত্রী দু’বার বেতন বাড়িয়ে নিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদের যে অধিবেশনে দাঁড়িয়ে বলেন, দ্রব্য মূল্য বাড়েনি। সেই সময়েই তিনি দ্রব্য মূল্য বৃদ্ধির কথা বলে তার বেতন ভাতা বাড়িয়ে নিয়েছেন।
শেখ হাসিনা গত বছরের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে ভয়াবহ গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্ত কানের চিকিৎসার জন্য গত ১৬ জুলাই আমেরিকা যান। সেখানে কান বিশেষজ্ঞরা তার ‘হিয়ারিং এ্যাডজাস্ট’ করে দিয়েছেন। তবে তা এখনও সারেনি এবং আবারও বিশেষজ্ঞকে দেখাতে হবে বলে জানান তিনি।
শেখ হাসিনাকে স্বাগত জানাতে দলের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান, সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ অ্যাডভোকেট, মোহাম্মদ হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী মোহাম্মদ সেলিম ছাড়াও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও মহানগর নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
