বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ হুমকির মুখে : জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রক্রিয়া আজ হুমকির সম্মুখীন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত শোক মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতাকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে।
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এবং আব্দুর রহমান বক্তৃতা করেন।
আব্দুল জলিল ছাত্রলীগ নেতৃবৃন্দ ও কর্মীদের বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করার জন্য দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালনের কথা বলেন।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি লিয়াকত শিকদারের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সিনিয়র সহ সভাপতি মারুফা আক্তার পপিসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
