২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যন্তরীণ কোন্দলে উপ্তত্ত সিলেটে বিএনপির রাজনীতি, ইলিয়াস আলীর সমর্থকরা ভুগছে আতঙ্কে

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমানকে কটুক্তি করার ঘটনাকে কেন্দ্র করে সিলেটে বিএনপির অভ্যন্তরীন কোন্দল উপ্তত্ত হয়ে উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 09:57 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

এ ঘটনা নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় পক্ষে ও বিপক্ষে মিছিল, সমাবেশ এমনকি ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে।

দলের হাইকমান্ড ইলিয়াস আলীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় তার সমর্থকরা বর্তমানে গ্রেফতার ও বহিস্কার আতঙ্কে ভুগছেন। হাইকমান্ড গত ২৭ জুলাই ইলিয়াস আলী সমর্থকদের নিয়ন্ত্রণাধীন সিলেট জেলা আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করে দেয়। ইতিমধ্যে ইলিয়াস আলী সমর্থক সিলেটের এক কমিশনারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বহিস্কার করা হয়েছে দুইজনকে। কেউ কেউ আবার চলে গেছেন সাইফুর রহমানের দিকে।

বিএনপির সিলেটের রাজনীতিতে সিলেট-৩ আসনের এমপি শফি আহমদ চৌধুরী এবং সিলেট-৬ আসনের এমপি ড. সৈয়দ মকবুল হোসেন ও তাদের সমর্থকরা ছাড়া অধিকাংশ নেতাকর্মী সাইফুর রহমানের সমর্থক। সম্প্রতি ড. সৈয়দ মকবুল হোসেন প্রকাশ্যে সাইফুর রহমানকে কটুক্তি করার পর বিএনপির রাজনীতি উপ্তত্ত হয়ে উঠে। এম সাইফুর রহমান এবং ইলিয়াস আলীর পক্ষ নিয়ে বিভিন্ন উপজেলায় সভা-সমাবেশ হতে থাকে। বৃহস্পতিবার বিকেলে সিলেট শহরে কটুক্তির প্রতিবাদে এবং আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে শহরের ইলিয়াস আলীর সমর্থকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তাদের নেতার ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাক্ষাৎ করেছেন। সূত্র মতে, প্রধানমন্ত্রীকে পরিস্থিতি অবগত করাতে তার সঙ্গে দেখা করার চেষ্ঠা করে ব্যর্থ হয়েছেন ইলিয়াস আলী।

ড. সৈয়দ মকবুল হোসেন তার বক্তব্যে অনড় থেকে বলেছেন, এম সাইফুর রহমান সমালোচনার কাজ করলে তো সমালোচনা হবে। এতে রাগ করার কি আছে। যা বলেছি, সত্য বলেছি। প্রত্যাহারের প্রশ্নই উঠে না।

সম্প্রতি বিয়ানীবাজারের এক সভায় ড. সৈয়দ মকবুল হোসেন বলেন, ‘বহিরাগত সম্রাট ও তার দুই সন্ত্রাসী যুবরাজের নেতৃত্বে সিলেটের রাজনীতি চলছে।’