২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফতাব প্রসঙ্গে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সি অ্যান্ড ডি কমিটির সিদ্ধান্ত সমর্থনে বিভাগীয় শিক্ষকরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকরা বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদচ্যুত উপাচার্য অধ্যাপক আফতাব উদ্দিন আহমেদকে পুনরায় বিভাগে যোগ দিতে না দেওয়ার ব্যাপারে বিভাগের কো-অর্ডিনেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিঅ্যান্ডডি) কমিটির সিদ্ধান্তের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

শিক্ষকরা ২৩ জুলাই’র পর ২৮ জুলাই দ্বিতীয়বারের মতো উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সাথে দেখা করে বলেন, অধ্যাপক আফতাবের পুনরায় বিভাগে যোগ দেওয়ার কোন অধিকার নেই।

বিভাগে ভুল তথ্য দিয়ে যোগদান করতে আসায় তিনি বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার বৈধতা হারিয়েছেন বলে বুধবার সিঅ্যান্ডডি কমিটিতে বলা হয়।

উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বলেন, বিষয়টি পরবর্তী সিন্ডিকেট মিটিং এ উত্থাপন করা হবে এবং এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতির পর অধ্যাপক আফতাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তার পুরনো পদে যোগ দিতে আসেন। কিন্তু ভুল তথ্য দেওয়ার অভিযোগে বিএনপিপন্থী সাদা ও আওয়ামী লীগপন্থী নীল প্যানেলের শিক্ষকরা তার যোগদানের বিরোধিতা করেন।

তারা জানান, অধ্যাপক আফতাব ডেপুটেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দেওয়ার আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছেড়ে ঢাবি’র ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে যোগ দিয়েছিলেন। তাই, তাকে পুরনো বিভাগে যোগ দিতে দেওয়া ঠিক হবে না।

অধ্যাপক আফতাব ২০০৩ সালের ৫ জুলাই ডেপুটেশনে চার বছর মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দেন। কিন্তু গত বুধবার সরকার তার নিয়োগ বাতিল করে এবং তিনি নির্ধারিত মেয়াদের আগেই চাকরিচ্যুত হন।