ভোটার তালিকা নিয়ে সিইসি-আইওজে উত্তপ্ত বাক্য বিনিময়
নির্বাচন কমিশনে বৃহস্পতিবার ভোটার তালিকা ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার ও ইসলামী ঐক্য জোটের (আইওজে) একজন নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ ও আইওজে (ইঝারুল) এর নেতা মিসবাউর রহমান চৌধুরীর মধ্যে বিতর্কের এক পর্যায়ে রাগান্বিত হয়ে মিসবাউর রহমান তার মতামত পেশ না করেই সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
আইওজে নেতা এসময় কোনও কোনও দল সংলাপ বয়কট করায় সিইসি’র বক্তব্যের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, “সিইসি’র মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক... তার এ বক্তব্য অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সংকট সৃষ্টি করবে।” তিনি বলেন, আমি মনে করি তার এ মন্তব্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সংলাপের প্রাক্কালে সিইসি বলেছেন, দেশ কোন একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য থেমে থাকতে পারেনা। কোনও রাজনৈতিক দল অংশ না নিলেও নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে।
আইওজে নেতা আরো বলেন, আমি মনে করি কথা বলার ব্যাপারে নির্বাচন কমিশনারের আরো সতর্ক হওয়া উচিত।
উত্তরে সিইসি বলেন, তিনি এ ধরনের কোনও মন্তব্য করেননি। তিনি বলেন, গণমাধ্যমগুলো ভুলভাবে তার বক্তব্য তুলে ধরেছে।
তিনি বলেন, আমি একজন বিচারক ছিলাম, আমি রাজনীতি করিনা... আপনার সাথে আমি বিতণ্ডায় যেতে চাইলে আমি সিইসি’র পদে দায়িত্বপ্রাপ্ত হতাম না।
মিসবাউর রহমানের মন্তব্যকে অপরিপক্ক উল্লেখ করে সিইসি বলেন, এমন মন্তব্য কেবল নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই করার সুযোগ আসতে পারে। এ পর্যন্ত এ ধরনের কোন ঘটনাই ঘটেনি।
সংলাপের সকালের অধিবেশনে যোগ দিতে এসে আইওজে নেতা বলেন, নতুন ভোটার তালিকা নয়, দেশের জনগণ এমন একটি ভোটার তালিকা চায় যা ভূয়া ভোটারদের প্রতিরোধ করতে পারে। এসময় সিইসি আইওজে নেতাকে সংক্ষেপে তার বক্তব্য তুলে ধরতে বলেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি তার সাথে কোনও যুক্তি তর্কে যেতে চান না।
মিসবাউর বলেন, নির্বাচন কমিশনকে প্রথম এই সিদ্ধান্তে পৌঁছুতে হবে যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য কোনটি প্রয়োজন নতুন ভোটার তালিকা প্রণয়ন, নাকি পুরোনো তালিকা হালনাগাদ করা।
