বি. চৌধুরী ও ড. কামালের সিইসি’র রাজনৈতিক সংলাপ প্রত্যাখান
বিকল্প ধারা সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং ঐক্যমঞ্চের আহ্বায়ক ড. কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) চলমান রাজনৈতিক সংলাপ প্রত্যাখান করেছেন।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরা হয়।
বি. চৌধুরী বলেন, সিইসির ওপর আমাদের কোনো আস্থা নেই। এ কারণে সিইসি এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে পদ্ধতিতে সংলাপ চালাচ্ছেন তাতে যোগ দেওয়া মুশকিল।
তিনি বলেন, সিইসিকে প্রথমে রাজনৈতিক দল ও দেশের মানুষের আস্থা অর্জন করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক অচলায়তন কাটিয়ে উঠতে দুই নেত্রীর সংলাপ জরুরি।
তিনি আরও বলেন, দেশের স্বার্থেই প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর একসঙ্গে বসে আলাপ আলোচনা করা উচিত। এটি অন্তত দু মাসে একবার হওয়া দরকার।
বি. চৌধুরী বলেন, এমনকি দুই নেত্রীর একসঙ্গে টেলিভিশনে সংলাপে যোগ দিয়ে জনগণের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেওয়া প্রয়োজন। রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্যেই এটি হতে হবে।
ড. কামাল হোসেন বলেন, দুই নেত্রীর ঘন ঘন সংলাপ হতেই হবে। এটি পরিণত করতে হবে একটি রাজনৈতিক সংস্কৃতিতে। দুই নেত্রীর সংলাপের চর্চা হতে হবে এমন, যাতে সাংবাদিকদের এ বিষয়ে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন না পড়ে।
বর্তমান আইন অনুযায়ী বিচারপতি কেএম হাসানের পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার কথা। এ বিষয়ে জানতে চাওয়া হলে বিকল্প ধারা সভপতি বি. চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার প্রস্তাবনায় আমরা বলেছি, কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ জড়িত থাকলে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। বিচারপতি কেএম সোবহান একটি রাজনৈতিক দলের আনুকূল্য পেয়েছেন বলে অভিযোগ আছে। সেদিক থেকে তিনি অযোগ্য বিবেচিত হবেন।
কৃষক শ্রমিক জনতা লীগের নেতা সাংসদ কাদের সিদ্দিকীর ঐক্যমঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে ড. কামাল হোসেন বলেন, আমাদের ঐক্যমঞ্চ সবার জন্যই উন্মুক্ত। কেউ যদি ঐক্যমঞ্চে যোগ দেয়, তাহলে তাকে আমরা স্বাগত জানাবো। আর কেউ যদি মঞ্চে থাকতে না চান, তাহলে আমরাতো তাকে জোর করতে পারি না।
তিনি বলেন, কাদের সিদ্দিকীর বিষয়ে আমাদের কিছু বলার নেই। তার মঞ্চ ত্যাগ চলমান আন্দোলনে কোনো প্রভাব ফেলবে না। তবে পত্র-পত্রিকায় দেখলাম, তিনি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। এ জন্যে তাকে ধন্যবাদ জানাই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিকল্প ধারার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ এম. হাসান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গণফোরামের সাধারণ সম্পাদক ও ঐক্যমঞ্চের নেতা সাইফুদ্দিন আহমেদ মানিক, ঐক্যমঞ্চের সদস্য সচিব কমান্ডার (অব.) আব্দুর রউফ প্রমুখ।
লিখিত প্রস্তাবে বলা হয়, নির্বাচন কমিশনের কাজ বৃদ্ধি পাওয়ায় নির্বাচন কমিশনারের পদ চারটিতে উন্নীত, সকল দলের সাথে আলোচনার মাধ্যমে এক তত্ত্বাবধায়ক সরকার থেকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের মধ্যবর্তী মেয়াদের জন্যে তাদের নিয়োগের প্রস্তাব করা হয়েছে।
এতে নির্বাচন কমিশনকে স্বাধীন করে এর লোক নিয়োগ এবং ছাটাইয়ের ক্ষমতা নির্বাচন কমিশনের ওপর হস্তাস্তর এবং তাদের নিজস্ব বাজেট প্রণয়নের সুবিধার্থে বাজেটে অর্থ বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে।
নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা ছাড়াও জেলা পর্যায়ে কর্মরত বিচারকদের মধ্য থেকেও রিটার্নিং অফিসার নিয়োগ করতে পারবে। প্রতিটি জাতীয় নির্বাচনের তিন মাস আগেই ভোটার তালিকা প্রণয়নের কাজ শেষ করতে হবে। ভোটারদের পাসপোর্ট দিতে হবে, যা তাদের ভোটার পরিচয়পত্র হিসেবে বিবেচিত হবে এবং ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণের ব্যবস্থা করতে হবে।
