শাবি‘র সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ায় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা লিটন হত্যাকাণ্ডের পর অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মিছিল সমাবেশসহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ায় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
১৩ জুলাই ছাত্রদল শাবি শাখার সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী লিটন দলীয় ক্যাডারদের হাতে খুন হওয়ার পর ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়।
সূত্র জানায়, এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির নেয়া রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্তে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সাধারণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে খুশি হলেও খুশি হতে পারেনি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন ২৪ জুলাই প্রক্টোরিয়াল বডির এই ঘোষণা উপেক্ষা করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
এদিকে জাতীয় ছাত্রদল শাবি শাখার সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন নয়ন এক যুক্ত বিবৃতিতে প্রক্টোরিয়াল কমিটি কর্তৃক শাবিতে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং ওই নির্দেশ প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহবান জানিয়েছেন।
