২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিন্টু বিতর্কে মওদুদ ও বাবরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে আ. লীগ

জোড়া খুন মামলায় সাবেক ছাত্রদল নেতা মহিউদ্দিন ঝিন্টুর ফাঁসির দণ্ডাদেশ মওকুফের ঘটনায় নিরপেক্ষ তদন্তের স্বার্থে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 02:34 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

একই সাথে প্রধানমন্ত্রীর দপ্তরসহ এই প্রক্রিয়ার সাথে জড়িত বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত করে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

সোমবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডিস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

দলের প্রেসিডিয়াম সদস্য ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি অনৈতিক ও অবৈধ প্রক্রিয়ায় দেওয়া মওকুফ আদেশ প্রত্যাহার করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এ আদেশের মাধ্যমে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দপ্তরকে কলুষিত ও কলঙ্কিত করা হয়েছে। দেশের সংবিধান লংঘন করা হয়েছে। রাষ্ট্রপতি ইচ্ছা করলেই সংবিধানের মধ্য থেকে এ আদেশ প্রত্যাহার করতে পারেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি এ ধরণের কোনো আদেশ দেওয়ার আগে আইন মন্ত্রনালয়ের পরামর্শ নেন। কিন্তু আইন মন্ত্রণালয় এর দায়িত্ব অস্বীকার করেছে। দায় চাপিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সুইডেন থেকে ২২ বছর পর এসে আদালতে আাত্মসমর্পণ ও গ্রেফতারের মাত্র ১২ দিনের মধ্যে দণ্ডাদেশ মওকুফের ঘটনা ঘটে। এত দ্রুত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পেছনে কারণ কি? কারা এর পেছনে জড়িত। তাদের খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, সরকার চাইলে এ্যামিকাস কিউরি হিসেবে দেশের বিশিষ্ট আইনজ্ঞ ও বিচারকদের নিয়োগ করে এ ব্যাপারে মতামত নিতে পারেন।

এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, লজ্জা থাকলে আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এরই মধ্যে পদত্যাগ করতেন।

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেন, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে প্রধানমন্ত্রীর দপ্তরও এর সঙ্গে জড়িত রয়েছে।

দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রহমত আলী, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. ইয়াফেস ওসমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।