২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় মাদ্রাসা ভাংচুরের ঘটনায় ১১ জন বিএনপি কর্মীর বিরুদ্ধে মামলা

ভোলার চরফ্যাসন উপজেলায় হোসাইনিয়া দাখিল মাদ্রাসা ভাংচুরের ঘটনায় বিএনপি’র ১১ জন কর্মী এবং অন্য ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

মাদ্রাসার সুপার ওমর ফারুক বাদী হয়ে শুক্রবার চরফ্যাসন থানায় এই মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার মাদ্রাসার উন্নয়ন কাজ চলাকালে স্থানীয় ছাত্রদলের ক্যাডাররা চাঁদা দাবি করে এবং চাঁদা না পেয়ে তারা মাদ্রাসার কক্ষ ভাংচুর এবং শিক্ষকদের মারধোর করে। মাদ্রাসার সুপার ওমর ফারুক জানান, অপ্রত্যাশিত এই হামলায় ১০ জন শিক্ষক আহত হন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক। কাজী আবদুল করিম নামে এক শিক্ষককে আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। তার একটি চোখ নষ্ট হয়ে গেছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আজিজ জানিয়েছেন, মাদ্রাসা ভাংচুরের ঘটনায় ছাত্রদল নেতা জিয়াউদ্দিনকে প্রধান আসামী করে মামলা দায়ের হয়েছে। অন্য আসামীরা হচ্ছে আবদুল আজিজ, মো. রিপন, জাকির হোসেন, মতিন মাল, আবু হোসেন, বেলাল মাল, ইউনুছ মাল, মো. শহীদ, শাহে আলম ও মোহাম্মদ আলী।

মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশ শশীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি। মাদ্রাসার সুপার অভিযোগ করেছেন, ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে।