২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র ফজিলাতুন্নেছা হলের শিক্ষকরা সংবাদ সম্মেলন ডেকে ছাত্রীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট এবং আবাসিক শিক্ষকরা ওই হলের শিক্ষার্থীদের বিরুদ্ধে চরম দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন। তাদের অভিযোগ, শিক্ষার্থীরা ১৭ এবং ১৮ জুলাই টানা ১৪ ঘন্টা ধরে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও অপমান করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

ঢাবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হলের প্রভোস্ট নাসরিন আহমাদ ও ভারপ্রাপ্ত প্রভোস্ট শামীমা নাসরীন আহমাদ ওই অভিযোগ করেন। শুক্রবার সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আখতারুজ্জামান।

এ সময় ওই হলের শিক্ষকরা তাদের দুঃসহ অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। একজন আবাসিক শিক্ষক জানান, সেদিন শিক্ষার্থীরা তাদের যে টিভি রুমে আটকে রাখে, সেখানে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে আলো বাতাস, এমন কি খাবার পানি ছাড়াই শিক্ষকদের কাটে টানা ১৪ ঘন্টা।

অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক বলেন, এ ঘটনার নেপথ্যে রয়েছে আরো একটি বিষয়। প্রভোস্ট যাতে পদত্যাগ করেন, সে পরিস্থিতি তৈরী করার জন্য শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে।

অধ্যাপক নাসরিন আহমাদ বলেন, শিক্ষার্থীরা তাদের দাবির ব্যাপারে সোচ্চার। কিন্তু তারা আমার পদত্যাগ চায়নি। তাহলে হঠাৎ করে এ পদত্যাগ দাবির ব্যাপারে ছাত্রীদের নিশ্চয়ই উস্কানি দেওয়া হয়েছে।

এদিকে শিক্ষক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমিতির এক জরুরি সভায় দায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

অপরদিকে, শিক্ষার্থীরা শিক্ষক সমিতির এ সিদ্ধান্তের প্রতিবাদ করেন। তারা বিডিনিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলার সুযোগ দিতে হবে। তাদের দাবি, ওই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এটি হচ্ছে নির্যাতিত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এ কারণে ক্ষমা চাওয়ার কোনো যৌক্তিকতা নেই।

আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রী নুসরাত জাহান বলেন, শিক্ষকরা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা একেবারেই ভিত্তিহীন। শিক্ষক হিসেবে আমরা তাদের যথেষ্ট শ্রদ্ধা করি। কাজেই তাদের সাথে দুর্ব্যবহার করার প্রশ্নই আসে না।

ছাত্রীরা আরো জানায়, যে ২১ জনের নামে শিক্ষকরা অভিযোগ এনেছেন, তাদের অনেকের সঙ্গেই আবাসিক শিক্ষকদের রয়েছে পূর্বের ব্যক্তিগত দ্বন্দ্ব। এর সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কিত নয়।