২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রামে নতুন ভোটার তালিকা তৈরির ১৪ দলের প্রস্তাব প্রত্যাখ্যান

পার্বত্য বাঙালী সম অধিকার আন্দোলন পরিষদ জাতীয় নির্বাচনের জন্য পার্বত্য চট্টগ্রামে নতুন ভোটার তালিকা প্রণয়নের দাবি প্রত্যাখ্যান করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বৃহস্পতিবার বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ ১৪ দলের প্রস্তাব অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে পৃথক ভোটার তালিকা প্রণয়নের প্রস্তাবের প্রতিবাদ জানায়। 

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, এ ধরণের দাবি পার্বত্যাঞ্চলে নতুন করে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করবে।

নেতৃবৃন্দ বলেন, ১৯৮৯ সালের পার্বত্য জেলা পরিষদ আইন (সংশোধিত), শান্তিচুক্তি এবং ১৯৯৮ সালের পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদ আইনে কেবলমাত্র স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে পৃথক ভোটার তালিকার কথা বলা হয়েছে। আইনের এ শর্তটি পরিবর্তনের দাবিতে পার্বত্য চট্টগ্রামের ছয় লাখ বাঙালী যখন আন্দোলন করছে, সে সময়ে এ ধরণের দাবি কেবল নতুন বিতর্কের সৃষ্টি করবে।

সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যা বিষয়ে কোন ধারণা না থাকায় ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন আইন সংস্কারের সুপারিশে এই দাবি উত্থাপন করেছে।

সম্মেলনে পার্বত্য বাঙালী সম অধিকার আন্দোলন পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় অন্যান্যের মধ্যে পরিষদের সহ-সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, পৌর শাখার সভাপতি হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।