২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমান্ডার সম্মেলন: ’৭১ এর চেতনায় মুক্তিযোদ্ধাদের আবারো ঐক্যবদ্ধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান

ক্ষমতাসীন বিএনপি-জামাত জোটকে ‘স্বাধীনতার শত্র“ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী’ আখ্যায়িত করে তাদের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে ’৭১ এর চেতনায় মুক্তিযোদ্ধাদের আবারো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 03:46 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

বুধবার ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার সম্মেলনে বক্তৃতাকালে তারা এ আহ্বান জানান।

বিভিন্ন নামধারী সংগঠনে বিভক্ত দেশের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের এক প্লাটফরমে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আসুন, আরেকটি লড়াইয়ের মাধ্যমে ১৪ দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের চেতনায় সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ি।

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ফকির শেখ জিয়া উদ্দিন আহমেদ।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক  আআমস আরেফিন সিদ্দিক এবং আলেকজান্ডার রড্রিক।

আব্দুল জলিল তার বক্তব্যে দেশের সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতৃত্ব দ্বিধা বিভক্ত এবং যথাযথ দায়িত্বশীল না হওয়ার সুযোগে আজ স্বাধীনতা বিরোধীরা দেশ ও সমাজ পরিচালনা করছে। তিনি বলেন, আজ আমাদের আতœবিশ্লেষণ ও আতœসমালোচনা করতে হবে। আর এ আতœবিশ্লেষণের মাধ্যমেই আমাদের সংকট উত্তরণের পথ খুঁজে বের করতে হবে।

আব্দুল জলিল বলেন, ’৭২ এর পর মুক্তিযোদ্ধারা বিভ্রান্ত না হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এভাবে জীবন দিতে হতো না। আর জাতির নেতৃত্বে জিয়ার মতো রাজাকারদের আশ্রয়দানকারী স্বাধীনতা বিরোধীর জন্ম হতো না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবনা উত্থাপন করেছে। আমরা জানি, সরকার এ প্রস্তাব সহজে মানবে না। তাই জনগণের স্বার্থে জনগণের সরকার গঠন করে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের আবারো ঐক্যবদ্ধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

জাতীয় ও সংগঠনের পতাকা উত্তেলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করা হয়। দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভা শেষে নগরীতে মুক্তিযোদ্ধাদের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ।