রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র নেই-বি. চৌধুরী
বিকল্পধার বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র নেই। ফলে কোনও দল ক্ষমতায় গেলেই হয়ে যায় নির্বাচিত স্বৈরাচার।
সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে মঙ্গলবার বিকালে কাফরুল, মিরপুর ও পল্লবী থানা এলাকা থেকে বেশকিছু নেতা-কর্মীর বিকল্পধারায় যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, আজ যেসব দল বড়, কাল সেগুলো ছোট হয়ে যাবে এবং এক সময় হারিয়ে যাবে, ইতিহাস আমাদের সেই শিক্ষাই দেয়।
বিকল্পধারাকে একটি নতুন দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি এখন মেধাহীনদের কবলে। কিন্তু তত্ত্ববধায়ক সরকার আসার সাথে সাথে মেধাবী ও প্রাজ্ঞ বহু রাজনীতিবিদ বিকল্পধারায় যোগদান করবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিকল্পধারার সহ-সভাপতি মেজর জেনারেল (অব.) এম.এ হালিম, আইনবিষক সম্পদক এ্যাডভোকেট এ.এম আহসানউল্লাহ প্রমুখ।
দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকল্পধারা’র কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় ঐক্যমঞ্চের স্টিয়ারিং কমিটির সদ্য সাবেক হুইপ আবদুর রউফের সভাপতিত্বে বিকল্পধারা বাংলাদেশ ও জাতীয় ঐক্যমঞ্চের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন পদ্ধতি সংস্কারের লক্ষ্যে যৌথভাবে প্রণীত রূপরেখা অচিরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।
যৌথসভায় উপস্থিত ছিলেন, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব ফিরোজ এম হাসান, যুবধারর আহবায়ক এটিএম কামাল, জাতীয় ঐক্যমঞ্চের সদস্য সচিব কমান্ডার (অব.) আবদুর রউফ, কেন্দ্রীয় নেতা মফিজুল ইসলাম খান, মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।
