২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ-এর মৃত্যুতে শেখ হাসিনার শোক

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ-এর মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলের নেতা শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

এক শোকবার্তায় সোমবার তিনি পরলোকগত নেতার বিদেহী আত্মার শান্তি কামনা এবং বৃটেনের শোকাহত জনগণ ও তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, এডওয়ার্ড হিথ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বন্ধু ও সুহৃদ। ৭১’র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর কারাগারে বন্দি বাঙালি জাতির মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্যে বৃটেনের তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ পাকিস্তান সরকারের ওপর চাপ প্রয়োগ করেন। এবং এটি তাঁর মুক্তিকে ত্বরান্বিত করে।

পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে বঙ্গবন্ধু বৃটেনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করলে তিনি তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান, যা বাঙালি জাতিকে গৌরবান্বিত করেছিল। মুক্তিযুদ্ধের দিনগুলোতে বৃটেনের জনগণের অকুণ্ঠ সমর্থন আমাদের বিজয়কে নিশ্চিত করেছিল।