২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি‘তে ছাত্রদল নেতা লিটন খুন হওয়ার ঘটনা তদন্ত শুরু , ক্যাম্পাসে শোক র‌্যালি অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রদল নেতা লিটন খুন হওয়ার তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

সোমবার হত্যাকান্ডের কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে লিটন স্বরণে সোমবার ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক শোক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।

অন্যদিকে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন উপ কমিটি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা জীবন রক্ষায় সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে।

১৩ জুলাই লিটন হত্যার পর সোমবার তদন্ত কমিটি প্রাথমিকভাবে কাজ শুরু করেছে। সোমবার কমিটি প্রথমবারের মতো প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে। কমিটি ইতিমধ্যে নোটিশের মাধ্যমে হত্যাকান্ডের ব্যাপারে কারও কাছে কোন তথ্য থাকলে ২১ জুলাইয়ের মধ্যে কমিটিকে জানাতে সর্ব সাধারণের প্রতি অনুরোধ করেছে।

শিক্ষক সমিতির সভাপতি ড. হাবিবুল আহসানের নেতৃত্বে লিটন স্মরণে আয়োজিত র‌্যালিটি পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করে লাইব্রেরী ভবনে এসে শেষ হয়। র‌্যালির পরে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন ড. হাবিবুল আহসান, সমিতির সম্পাদক ড. সাজেদুর করিম, সমিতির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. আখতারুল ইসলাম, সাবেক সম্পাদক ড. কবির হোসেন প্রমুখ। সমাবেশে তারা লিটন হত্যাকান্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং এ হত্যাকান্ডকে ঘৃনিত ও জঘন্যতম হিসেবে উল্লেখ করেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা অতীতে সংঘটিত হলেও তার কোন বিচার না হওয়ায় সন্ত্রাসীরা প্রশ্্রয় পেয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। তারা লিটনের খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তি’র দাবি জানান। সমাবেশে আগামী ১৯ জুলাই সকাল দশটায় শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে ঘোষনা দেয়া হয়।

সোমবার অধ্যাপক একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন উপ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উল্লেখ করে বলা হয়, গত কয়েক বছর ধরে জোট সরকারের দলীয়করণ, দুর্নীতি, লুটপাট এবং সরকারি ছাত্র সংগঠনের ধারাবাহিক সন্ত্রাসের ফলে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে পড়েছে। দিনের পর দিন এধরণের অশুভ পরিস্থিতি সকল বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। এ পরিস্থিতি শিক্ষার পরিবেশ এবং ছাত্রছাত্রী ও শিক্ষকদের জীবনের নিরাপত্তা বিপন্ন করে তুলেছে। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক, আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, ড. হারুণ অর রশিদ প্রমুখ।