২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোষিত ৩১ দফার পক্ষে জনসমর্থন তৈরিতে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দল

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল তত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচনী আইন সংস্কারে ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠন ও জনসমর্থন তৈরিতে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

আগামী ২৮ থেকে ৩০ জুলাই তিনদিন ব্যাপী ১৪ দলের শীর্ষ নেতারা নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও নরসিংদীসহ ঢাকার পাশ্ববর্র্তী জেলাগুলোতে গণসংযোগ করবে।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে রোববার অনুষ্ঠিত ১৪ দলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে সন্ধ্যা পৌণে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এ সভা চলে। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং দেন।

তিনি জানান, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের স্মরণে আগষ্টে আওয়ামী লীগের মাসব্যাপী শোক পালন কর্মসূচি থাকায় এ মাসে আন্দোলনের কোনো কর্মসূচি থাকছে না। তবে আগষ্টের পর দেশের ছয়টি বিভাগীয় শহরসহ জেলা পর্যায়ে ব্যাপক গণসংযোগ করা হবে।

তিনি বলেন, গণসংযোগের মাধ্যমে ১৪ দল দেশব্যাপী তাদের ৩১ দফা প্রস্তাবনা ও আন্দোলনের সপক্ষে জনমত গঠন ও এসব ইস্যুতে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে। ১৪ দলের কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নেবেন।

সভায় আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুল জলিল, জাসদের হাসানুল হক ইনু ও শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বিমল বিশ্বাস ও ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির আজিজুল ইসলাম খান, নূরুল ইসলাম ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।