২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল ভোট ঠেকাতে ছবিসহ ভোটার তালিকা প্রনয়ণের উদ্যোগ

নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট প্রতিরোধে শহরাঞ্চলে ছবিসহ ভোটার তালিকা প্রনয়ণ করার চিন্তা--ভাবনা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ এ বিষয়ে বিডিনিউজকে বলেন, ‘শহরাঞ্চলে ঘনবসতি হওয়ায় জাল ভোট পড়ার সুযোগ থাকে বেশী। এ জন্যে শহরাঞ্চলে ভুঁয়া ভোটার প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।’

নির্বাচন কমিশন সুত্র জানায়, প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের শহরাঞ্চলে এ তালিকা তৈরী করা হবে।

পর্যায়ক্রমে ওই উদ্যোগ বাস্তবায়ন করা হবে অন্যান্য বড় শহরে।

সুত্র জানায়, নির্বাচন কমিশন ইতিমধ্যে একটি নমুনা ভোটার তালিকা প্রণয়ন করেছে। এতে ভোটারের নাম ও নম্বরের পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবিও থাকছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, এই ব্যবস্থা নেওয়া হলে একজনের ভোট অন্যজন দেওয়ার সুযোগ থাকবে না। 

জানা যায়, এরআগে পরীক্ষামূলকভাবে টঙ্গী  পৌরসভা ও দাপুনিয়ায় নির্বাচনে ওই রকম ভোটার তালিকায় ভোট গ্রহণ করা হয়। এ দুটি নির্বাচন হয়েছিলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

নির্বাচন কমিশনের তৈরি করা ওই ধরণের নমুনা ভোটার তালিকা আগামী কমিশন বৈঠকে উপস্থাপন করা হবে। প্রস্তাবিত ভোটার তালিকা অনুমোদন করার পরেই বিষয়টি বাস্তবায়ন করা হবে।