ইসলামী দলগুলোর ঐক্য প্রতিষ্ঠায় বিচারপতি রউফকে আহ্বায়ক করে কমিটি গঠন
জোট সরকারের অন্যতম শরিক জামায়াতে ইসলামী দেশের ইসলামী দলগুলোর ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ঐক্য প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আব্দুর রউফকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
রোববার সকালে ঢাকার পূর্বাণী হোটেলে বেসরকারি প্রতিষ্ঠান ‘সেন্টার ফর পলিসি স্টাডিস (সিপিএস)’ আয়োজিত ‘ইসলামী ঐক্য: গুরুত্ব ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা শেষে এ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিচারপতি আব্দুর রউফ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক সচিব শাহ আব্দুল হান্নান।
আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর আমীর ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, জামায়াত নেতা আব্দুস সোবহান, মুহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী, জমিয়তে আহলে হাদীসের সভাপতি শামছুল আলম, আতাউর রহমান খান, এআরএম আব্দুল মতিন, চরমোনাইর মেজো পীর সাইয়েদ মোহাম্মদ কাওছার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আফতাব আহমাদ প্রমুখ।
আলোচনায় বক্তারা ইসলামী দলগুলোর ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশ ইসলামের উর্বর স্থান। অনৈক্যের কারণে এখানে ইসলাম প্রতিষ্ঠা করা যাচ্ছে না। এ অনৈক্য অব্যাহত থাকলে দেশে ইসলামী দলগুলোর অস্তিত্ব থাকবে না।
বক্তারা দলগুলোর মধ্যে অনৈক্যের কারণ চিহ্নিত ও অনৈক্য দূর করতে জামায়াতে ইসলামীকেই দায়িত্ব গ্রহণের আহ্বান জানান।
অনৈক্যের কারণ চিহ্নিত ও ঐক্য প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণ করতে গঠিত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন: আতাউর রহমান খান, মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী, আব্দুল কাদের মোল্লা, ড. এএইচএম সাদেক ও সিপিএসের নির্বাহী পরিচালক আব্দুস শহীদ নাসিম।
