২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের প্রতি সম্মান দেখিয়ে বিমান ছাড়ার আড়াই ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছেন শেখ হাসিনা

হরতালের প্রতি সম্মান দেখিয়ে শনিবার খুব ভোরে বিমান ছাড়ার আড়াই ঘন্টা আগেই বিমানবন্দরে পৌঁছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 03:50 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

লন্ডন হয়ে আমেরিকা যাওয়ার জন্যে ব্রিটিশ এয়ারওয়েজে তার ফ্লাইটের সময় ছিলো সকাল ৮ টা ১০ মিনিটে। কিন্তু শিল্প শ্রমিক কর্মচারিদের ডাকা সকাল সন্ধ্যা হরতালের কারণে হরতাল শুরুর আগে ভোর সাড়ে পাঁচটায়  তিনি বিমানবন্দরে পৌঁছে যান।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এ হরতালে সমর্থন দেওয়ায় দলীয় প্রধান শেখ হাসিনা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে আসা নেতা কর্মীদের উদ্দেশে বললেন, ‘তোমরা এখানে কী করছো? হরতালে যাও।’

শেখ হাসিনা ছ’টার আগেই আসবেন, এ আগাম সংবাদে হরতালের প্রথম প্রহরে ভোর সাড়ে পাঁচটা-ছ’টায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে যান নেতাদের অনেকেই।

তবে পরে নেত্রীর ঘোষণা অনুযায়ী হরতালের মাঠে না গিয়ে অনেকেই নিজেদের বাড়ির দিকে রওনা হন বলে অভিযোগ করেন বিমান বন্দরে উপস্থিত বেশ কজন কর্মী।

একজন কর্মী মন্তব্য করেন, আওয়ামী লীগ প্রধান বললেন হরতালের রাজপথে যেতে। আর নেতারা চলে গেলেন যে যার মতো বাসায়!