২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৪ দলের’ সংস্কার প্রস্তাবের কার্যকরিতা নিয়ে সিপিবি’র সংশয়

চলমান সরকার বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী শক্তি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শুক্রবার আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দল উত্থাপিত তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রস্তাবের কার্যকারিতা নিয়ে সন্দেহ পোষণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

দলের সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম শুক্রবার বিকেলে বিডিনিউজকে বলেছেন, জন জীবনের সংকট সমাধানের জন্য শুধু নির্বাচনী সংস্কার নয়, বিএনপি জামাত জোট সরকারের অপসারণ এবং গণ সংগ্রামকেও গুরুত্ব দিতে হবে। কেননা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি জামাত জোটকে পরাভূত করাটা গুরুত্বপূর্ণ। আর এ লক্ষ্যে সিপিবি অতীতের মতো আগামীতেও নিজস্ব অবস্থান থেকে যুগপৎ আন্দোলনে শরিক থাকবে। 

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কর্তৃক শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করাকে সিপিবি নেতারা ‘ইতিবাচক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তবে বিডিনিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় তারা ‘একটি স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশনই অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পারে’ বলে ঘোষিত প্রস্তাবে যে সিদ্ধান্ত টানা হয়েছে, তার কার্যকারিতা নিয়ে সন্দেহ পোষণ করেছেন।

এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ‘১৪ দল’-কে ‘আওয়ামী লীগ ও অন্য ৯টি দল’ আখ্যায়িত করেন মুজাহিদুল ইসলাম সেলিম।