জোট সরকারের দুর্নীতি সন্ত্রাসের আগুনে গোটা দেশ জ্বলছে: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জোট সরকারের দুর্নীতি সন্ত্রাসের আগুনে গোটা দেশ জ্বলছে।
তারা ধর্মের দোহাই দিয়ে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও রীতিনীতি ধ্বংস করছে। বৃহস্পতিবার বিকেলে তার ধানম-ির কার্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শেখ হাসিনা একথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামাত জোট সরকারের জন্যে সংস্কৃতি একটি সমস্যা। তারা সংস্কৃতির বিকাশ চায়না। তাই ওদের কাছে সংস্কৃতির বিষয়ে ভালো কিছু আশা করা যায়না।
ঢাকায় সাংবাদিকদের ওপর পুলিশের হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা।
সভায় দেশীয় সংস্কৃতি রক্ষায় জোটের পক্ষ থেকে উত্থাপিত ১৯ দফা দাবির বিষয়ে আওয়ামী লীগের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস, রামেন্দু মজুমদার, মাসুম আজিজ, কাজী আরিফ, আতাউর রহমান বক্তব্য রাখেন।
এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এমপি, আসাদুজ্জামান নূর এমপি উপস্থিত ছিলেন।
