২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের পিটুনিতে স্কুল ছাত্রের মৃত্যুর তদন্ত করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি কাদের সিদ্দিকীর আহবান

কৃষক শ্রমিক জনতা লীগের সাংসদ বঙ্গবীর কাদের সিদ্দিকী নয়াটোলায় শিক্ষকের পিটুনিতে শিশু স্কুল ছাত্র দীপুর মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

 তিনি দোষী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ব্যাপারে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

কাদের সিদ্দিকী বলেন, সন্ত্রাসের কারণে এমনিতেই মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। সাধারণ মানুষের জীবনের নিরপত্তা নেই। এ অবস্থায় স্কুলে গিয়েও একজন নিরীহ স্কুল ছাত্রের জীবনের নিরাপত্তা না থাকাটি আরও দুঃখজনক। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ জরুরি।

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার তার জবাবে ঘটনার জন্যে দুঃখ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের পেটানোর ঘটনা নতুন নয়। তবে পিটুনিতে ছাত্রের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

তিনি এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নির্দেশনা দেন।

বুধবার নয়াটোলায় একটি স্কুলে দুই শিক্ষকের নির্যাতনে চতুর্থ শ্রেণীর ছাত্র দীপুর মর্মান্তিক মৃত্যু হয়। এ ব্যাপারে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে।