শেখ হাসিনা কানের চিকিৎসার জন্যে যুক্তরাষ্ট্র যাচ্ছেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার ক্ষতিগ্রস্ত কানের চিকিৎসার জন্যে চলতি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। দলীয় সূত্র জানিয়েছে, সম্ভাব্য এ তারিখ ১২ জুলাই হতে পারে। সফরকাল হতে পারে দু’সপ্তাহ।
আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিডিনিউজকে জানান, যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শেখ হাসিনার কানের চিকিৎসার ফলো-আপের জন্যে তার এ মাসেই সেখানে যাওয়া দরকার। চিকিৎসকদের সঙ্গে যোগাযোগও চলছে। তবে সেখানে সর্বোচ্চ কতদিন থাকতে হবে, তা জানার পরেই তিনি যাবেন। এ সফরসূচি এখনও চূড়ান্ত করা হয়নি বলে তিনি জানান।
শেখ হাসিনা কানের চিকিৎসার জন্যে গত মার্চে সর্বশেষ যুক্তরাষ্ট্র গিয়েছিলেন।
গত বছর ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় তার কান ক্ষতিগ্রস্ত হয়।
