২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকে পড়া পাকিস্তানিরা ভোটাধিকার চেয়েছে

আটকে পড়া পাকিস্তানিদের একটি অংশ মঙ্গলবার  সমাজের যোগ্য নাগরিক হিসেবে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করণ এবং তাদের ভোটাধিকার প্রদানে সুযোগ দেবার দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

উর্দু ভাষাভাষি বাংলাদেশ মোহাজের ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট কমিটি (বিএমডব্লিউডিসি) সভাপতি ইজাজ অহমেদ সিদ্দিকির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজের সাথে স্বাক্ষাত করে এ দাবি জানান। দেশের বিভিন্নস্থানে ক্যাম্পে বসবাসকারি আটকেপড়া পাকিস্তানিদের একটি অংশের সংগঠন বিএমডব্লিউডিসি।

সিইসি’র কার্যালয়ে আলোচনা কালে প্রতিনিধি দল আটকে পড়া পাকিস্তানিদের চরম দূর্ভাগ্য ও মানবেতর জীবন যাপনের চিত্র তুলে ধরেন। প্রতিনিধি দল আরও দাবি করেন, অচিরেই যেন প্রধান নির্বাচন কমিশনারের দফতর থেকে  সকল জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এই মর্মে একটি বিশেষ নির্দেশনা পাঠানো হয়।

ভারত ও পাকিস্তান বিভাজনের সময় এই দেশে চলে আসার পর তাদের যে সমস্ত দুঃখ-কষ্টে পোহাতে হয়েছে তা তারা ৪৫ মিনিট স্থায়ী এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারকে খুলে বলেন।

বিএমডব্লিউডিসি’র সভাপতি ইজাজ অহমেদ সিদ্দিকি বলেন, প্রায় ৫৭ বছর ধরে আমরা এই ভূখন্ডে বসবাস করে আসছি, যার মধ্যে বাংলাদেশেই ৩৪ বছর। আমরা এখানে বাস কারছি চার পুরুষ ধরে। আমাদের সন্তানেরা জন্মের পর এদেশেই বেড়ে উঠেছে, লেখাপড়া শিখেছে। তাদের প্রত্যেকে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ প্রতিটি জাতীয় দিবস উৎযাপন করেছে । যাদের মধ্যে শতকরা ৯৯ জনই এই দেশেই বাস করতে চায়।

দাবির পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, “জন্ম সূত্রে নাগরিক হিসেবে তাদের ভোট প্রদানের অধিকার রয়েছে।”

বিচারপতি এমএ আজিজ আলোচনা কালে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এই বিষয়ে পরীক্ষা নীরিক্ষা শেষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

দেশের বিভিন্ন ক্যাম্পে প্রায় সাত লাখ ৫০ হাজার আটকে পড়া পাকিস্তানি বসবাস করছে।