আমি অপেক্ষা করছি লিগ্যাল নোটিশের জন্যে : এরশাদ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিদিশা চাইলে এরিক এক সপ্তাহ তার কাছে, এক সপ্তাহ আমার কাছে থাকতে পারে।
তা না বলে লিগ্যাল নোটিশের হুমকি দিচ্ছেন। আমি অপেক্ষা করছি লিগ্যাল নোটিশের জন্যে।
সোমবার বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদ একথা বলেন।
এরশাদ আরও বলেন, আমি নিশ্চিত আমার বিরুদ্ধে দায়ের করা তৃষার জিডি মিথ্যা প্রমানিত হবে। রিপোর্ট প্রকাশিত হলে সম্মানহানির জন্যে আইনের আশ্রয় নেবো। আমার কোম্পানীর পাওনা পরিশোধের উদ্দেশ্যে বিদিশার দেওয়া চেক ডিজ-অনার হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
তৃষার দায়ের করা জিডি সম্পর্কে এরশাদ আরও বলেন, এই জিডি করে আমার সম্মানহানি করা হয়েছে। দেশের মানুষের কাছে ছোট করা হয়েছে। একটি মেয়েকে ধমকানোর মতো নিচ আমি হইনি।
তিনি দাবি করেন, বর্তমানে বিদিশার কাছে আমার পাওনা দুই কোটি ১৩ লাখ টাকা। তাও আমার নিজের টাকা না। ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে ঋণ করেছি।
তিনি আরও জানান, গুলশানে আমার একটি বাড়ি রয়েছে। বছরে ২৬ লাখ টাকা ভাড়া পাই। এক বছরের ভাড়া নিয়ে বিদিশা নিকেতনে ফ্লাট কিনেছে। আমার টাকায় বিদিশার মা রাজশাহিতে বাড়ি তৈরি করেছে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পার্কে একটি সুটকেস নিয়ে উঠেছিলাম, পরে সব কিনেছি। আমার টাকায় ফ্লাট সাজিয়েছি। বিদিশার দাবি সঙ্গত নয়। কয়টা গয়না আর শাড়ি ব্লাউজের প্রতি আমার লোভ নেই। কার কাছে পাঠাবো?
এরশাদ আর বলেন, হাসপাতালে ভর্তি হয়েও প্রতিদিনি আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। আমি স্বামী হয়ে কক্ষে জায়গা পাইনি। অন্যরা দিনভর আড্ডা দিয়েছে। অনেক সহ্য করেছি। আমার মতো সহনশীল মানুষ কম আছে। এরকম স্বামী কেউ পাবে না। নো হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড।
সংবাদ সম্মেলনে এরশাদকে সহযোগিতা করেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও ব্যক্তিগত সহকারি এসএম গোলাম রেজা।
