ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট আহ্বান করেছে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোট
সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্যে ছাত্র ধর্মঘট আহ্বান করেছে।
সড়ক দুর্ঘটনায় নিহত শাম্মী আক্তার হ্যাপীর পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ পাঁচ দফা দাবিতে তারা এ ধর্মঘট আহ্বান করে।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের কার্যালয়ে অনুষ্ঠিত বিরোধী দল সমর্থিত সাতটি ছাত্র সংগঠনের মোর্চা সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোটের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জোটের দাবিসমূহের মধ্যে রয়েছে হ্যাপীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সড়কের নাম করা, ২৯ ও ৩১ মে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমাবেশে অব্যাহত হামলার জন্যে দায়ি ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে ছাত্রলীগসহ সকল বিরোধী ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করা এবং ২৮ মে ছাত্রদের সমাবেশে হামলার জন্যে রমনা থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
২ ও ৩ জুলাই ছাত্র জোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে ছাত্র ধর্মঘট পালন করেছে।
ছাত্রলীগের সভাপতি লিয়াকত সিকদার বিডিনিউজকে এ প্রসঙ্গে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু ধর্মঘটের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ছাত্রলীগ সব সময় ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টি করে রাখতে চায়। বাবু আরও বলেন, তারা বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার ছাত্রছাত্রীর শত্রু।
