২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের ঘটনায় আ.লীগ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধ করতে হবে: জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি দলত্যাগী আওয়ামী লীগ নেতা কাজী সিরাজের ফরিদপুর সফরকে কেন্দ্র করে সৃষ্ট প্রতিরোধ কর্মসূচির প্রেক্ষিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে সুবিধাভোগীরা বরাবরই গণরোষে পতিত হয়েছে। কাজী সিরাজের ফরিদপুর সফর নিয়ে সৃষ্ট ঘটনাও এর ব্যতিক্রম নয়। এটি কোনও রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং নৈতিক ভ্রষ্টাচার ও সুবিধাবাদিতার বিরুদ্ধে জনগণের সচেতন প্রতিরোধ।

তিনি আরও বলেন, এই প্রতিরোধকে কেন্দ্র করে বিএনপি-জামাত জোট সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বোয়ালমারী আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন মুশা মিয়া, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আকরাম হোসেনসহ ৯২ জন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা দায়ের করে। পুলিশ নেতা-কর্মীদের গ্রেপ্তারের নামে বাড়ি বাড়ি তল্লাশী চালিয়ে হয়রানি করছে।

তিনি অবিলম্বে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালির আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের হয়রানি বন্ধের দাবি জানান।