২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানের ইচ্ছার আলোকে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো যুক্তরাষ্ট্র’

স্বাধীনতা লাভের পর বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রদান পাকিস্তানের ইচ্ছার আলোকেই হয়েছিলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

পাকিস্তান মনে করেছিলো প্রেসিডেন্ট নিক্সনের ঐতিহাসিক চীন সফরের সময় এবং সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ স্বীকৃতি মোটেই ‘প্রিম্যাচিউর’ হবে না। মার্কিন পররাষ্ট্র দফতরের ইতিহাস বিভাগ থেকে প্রকাশিত নতুন কিছু নথিপত্রে এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়, নব্য স্বাধীনতাপ্রাপ্ত দেশটির সরকার যুক্তরাষ্ট্রের স্বীকৃতির জন্য অনুরোধ জানিয়েছিলো এবং চেয়েছিলো আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করাসহ পাকিস্তানের সাথে অন্যান্য সংকটের অবসানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র সহায়তা দিক।

১৯৭১ সালে এই উপমহাদেশে সঙ্কটকালীন সময়ে যুক্তরাষ্ট্রের কলকাতা ও নতুন দিল্লির কর্মকর্তারা বাংলাদেশের প্রাদেশিক সরকারের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছিলেন বলে ওই তথ্যে বলা হয়েছে। ১৯৬৯ থেকে ১৯৭২ সালে দক্ষিণ এশিয়ায় মার্কিন নীতির আলোকে তৈরিকৃত এই নথি গত বুধবার প্রকাশিত হয়।

যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে ঝুঁকে পড়ে। রাশিয়ার সাহায্যপুষ্ট ভারতের বিরুদ্ধে দাড় করানোর জন্যই নিক্সন প্রশাসন পাকিস্তানকে সমর্থন করে গেছে।

ঢাকার কনস্যুলেট জেনারেল ১৯৭১ সালের ৩০ ডিসেম্বর এক টেলিগ্রামে পররাষ্ট্র দপ্তরকে জানান, বাংলাদেশকে অপরিহার্যভাবে স্বীকৃতি দিতে হবে।

১৯৭২ সালের ২৫ ফেব্রুয়ারি কনসেল জেনারেল স্পিভিককে বাংলাদেশের স্বীকৃতির ব্যাপারে কোনও পদক্ষেপ না নিতে বলা হয়। তাকে শেখ মুজিবুর রহমানের পরের সারির নেতাদের সম্পর্কে জানতে বলা হয়। মস্কো ভ্রমনের আগে তাকে শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করতে অনুমতি দেওয়া হয়নি।

তথ্যে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের খাদ্য সাহায্যের কথা উল্লেখ করা হয়। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা যাতে করে যুক্তরাষ্ট্রের সমালোচনা না করে এ লক্ষ্যেই সাহায্য দেওয়া হত।

নথিতে বড় যে বিষয়টি প্রাধান্য পেয়েছে তা হল-নিক্সন প্রশাসনের নীতি ছিল পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি করা।