২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণবিরোধী বাজেটের জন্য জোট সরকারের সমালোচনায় শেখ হাসিনা

আওয়ামী লীগ প্রধান এবং সংসদে বিরোধী দলের নেতা শেখ হাসিনা আগামী অর্থবছরের জন্য বিএনপি-জামাত জোট সরকারের পেশকৃত বাজেটকে গণবিরোধী আখ্যায়িত করে বলেছেন, প্রস্তাবিত বাজেট জন সাধারণের দুর্ভোগ আরও বাড়াবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

মঙ্গলবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় শেখ হাসিনা এ মন্তব্য করেন। বুধবার ঢাকায় প্রেরিত এক বার্তায় একথা জানানো হয়।

আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার সভাপতি শামসুদ্দিন খান, সহ সভাপতি জালালউদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাশেম, অল ইউরোপিয়ান আওয়ামী লীগের এমএ গণি, যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের উপদেষ্টা সুলতান শরিফ এবং অসংখ্য নেতা-কর্মী শেখ হাসিনাকে হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানান।

বিএনপি-জামাত জোট সরকারের ব্যাপক দুর্নীতির কারণে দেশে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে বলে সাবেক প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় দেশের সাধারণ মানুষ অভাব-অনটনে রয়েছে । কিন্তু সরকার এ সমস্যাকে কোনও বড় সমস্যা হিসেবে না দেখে বরং নিজেদের লোকদের কালো টাকা সাদা করার সুযোগ করে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

জনবিরোধী বাজেটকে প্রতিহত করতে বিরোধী নেত্রী বৃহস্পতিবারের হরতাল সফলভাবে পালন করতে জনগনের প্রতি আহবান জানান।

রাশিয়ার নামকরা পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি থেকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী লাভ এবং ফ্রান্সের স্ট্রসবার্গে এশিয়ান পার্লামেন্ট ফর পিস এসোসিয়েশনের সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

রাশিয়া ও ফ্রান্সে তাঁর সফরকে সফল বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এশীয় পার্লামেন্ট ফর পিস এসোসিয়েশন এশিয়ায় অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসোসিয়েশনের সিনিয়র এডভাইজরি কাউন্সিলের সভায় এশিয়ায় সন্ত্রাসবাদ, মানবাধিকার লংঘন এবং শিশু ও নারী নির্যাতন সংক্রান্ত সমস্যাদি নিয়েও আলোচনা হয়। সম্মেলনে ঐকমত্য প্রকাশ করা হয় যে, সমস্যাগুলো এ অঞ্চলের সকল দেশের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মোকাবেলা করা যেতে পারে।

এশীয় পার্লামেন্ট ফর পিস এসোসিয়েশনকে এশীয় পার্লামেন্ট এসেম্বলীতে রূপান্তরের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয় বলে শেখ হাসিনা যুক্তরাজ্যের নেতা-কর্মীদের অবহিত করেন।

এ সময় শেখ হাসিনার সাথে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, দলের আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ক সচিব সৈয়দ আবুল হোসেন এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ড. হাসান মাহমুদ এবং রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।

শেখ হাসিনা ১৮জুন ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি শনিবার (২ জুলাই) দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।