ফরিদপুরে প্রতিরোধের মুখে কাজী সিরাজের গাড়ি বহর, সংঘর্ষে ৬জন গুলিবিদ্ধসহ আহত শতাধিক
আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম শতাধিক গাড়ির বহর নিয়ে বুধবার নিজ নির্বাচনী এলাকা সফরে গেলে ব্যাপক প্রতিরোধের মুখোমুখি হন।
এই সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সাথে পুলিশ ও বিএনপি সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়।
প্রতিরোধের মুখে বোয়ালমারী ও আলফাডাঙ্গার কোথাও তিনি তার পূর্ব নির্ধারিত সমাবেশ করতে পারেননি।
আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে ও মধুখালীর মাঝকান্দিতে কাজী সিরাজকে প্রতিরোধ করতে আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে পুলিশ ও বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। এসময় পুলিশ কমপক্ষে ১০ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বিএনপি ক্যাডাররা আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ৬/৭ রাউন্ড গুলি ছুঁড়ে।
উত্তেজিত জনতা বোয়ালমারী ও আলফাডাঙ্গায় কাজী সিরাজের গাড়ি বহরে হামলা চালিয়ে ৩টি গাড়ি পুড়িয়ে দিয়েছে এবং অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করে।
সংঘর্ষে ৬/৭ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। পুলিশ একজন গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মীসহ তিনজনকে আটক করেছে।
সংঘর্ষের সময় ফরিদুর-খুলনা মহাসড়কে কয়েকশ’ গাড়ি আটকা পড়ে। তিনটি উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে এ ঘটনার প্রতিক্রিয়ায় কাজী সিরাজ বলেন, আওয়ামী লীগের এই ক্ষোভ স্বাভাবিক। তিনি বলেন, আমি এলাকার উন্নয়নের স্বার্থেই বিএনপিতে যোগ দিয়েছি। আমি আবার নির্বাচিত হলে এলাকার অসমাপ্ত কাজ শেষ করব।
