২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণবিরোধী বাজেটের প্রতিবাদে হরতাল পালন করতে হচ্ছে : আওয়ামী লীগ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বলেছে, সরকার বাজেটের ওপর আনীত ১৩ দফা সংশোধনীনর ব্যাপারে কোনও ইতিবাচক সাড়া না দেয়ায় গণবিরোধী বাজেটের প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল পালন করতে হচ্ছে। সরকার আওয়ামী লীগের ১৩ দফা সুপারিশ গ্রহণ করলে এই হরতাল করতে হতো না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এ কথা বলা হয়।

দলীয় প্রধান শেখ হাসিনা দেশে না থাকায় এবং বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ কিশোরগঞ্জে অবস্থান করায় সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। সভায় সিদ্ধান্ত হয়, বিরোধী দলীয় উপনেতার নেতৃত্বে ৫/৬ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল টেংরাটিলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন সংসদীয় দলের সভায় দাখিল করবে।

সংসদীয় দলের সভাশেষে আওয়ামী লীগ দলীয় ২৬ সাংসদ কালো পতাকা মিছিল নিয়ে সংসদের উত্তর প্লাজার টানেলে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত ও মোহাম্মদ নসিম বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে আব্দুল জলিল বলেন, আমরা সংসদীয় গণতন্ত্র সমুন্নত রাখার চেষ্টা করেছি। আমাদের সাংসদরা সংসদে গিয়ে বাজেটের ওপর আলোচনা করতে পারতো, কিন্তু তা থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। কারণ সংসদে আমাদেরকে কথা বলতে দেয়া হয় না।

তিনি আরও বলেন, ধোঁকাবাজির আশ্রয় নিয়ে এই বাজেট উপস্থাপিত করা হয়েছে। আমরা এটাকে বৈধতা দিতে চাইনি। বাজেটে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও গ্রাম সরকারের জন্য থোক বরাদ্দ দেওয়া হয়েছে। আর এই টাকা দলীয় ক্যাডারদের প্রতিপালনে ব্যয় করা হবে।

আব্দুল জলিল বলেন, বাজেটে উৎপাদনশীল খাতের চেয়ে অনুৎপাদনশীল খাতে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। তাই এই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

সুরঞ্জিত সেনগুপ্ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, টেংরাটিলায় যখন কোটি কোটি টাকার গ্যাস পুড়ছে, তখন তিনি সেখানে না গিয়ে সন্ত্রাসীর লাশে পুষ্পমাল্য অর্পণ করছেন।

আব্দুর রাজ্জাক বলেন, এই বাজেটে চাল, ডাল, লবনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ানো হয়েছে। তাই এই বাজেট গণবিরোধী।