২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জোট সরকার গ্রেনেড হামলায় জড়িতদের আড়াল করার চেষ্টা করছে’

আওয়ামী লীগ সংসদীয় দল ২১ আগষ্টের গ্রেনেড হামলায় জড়িতদের রক্ষায় জোট সরকারের উদ্যোগের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়টি থেকে মানুষের নজর ভিন্ন খাতে নেয়ার পাঁয়তারা চলছে বলেও অভিযোগ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সোমবার বিরোধী দলীয় নেতার সভাকক্ষে দলের সাধারন সম্পাদক আব্দুল জলিল এমপি’র সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপি ও চার দলীয় জোট সরকার উত্থাপিত গণবিরোধী বাজেটের তীব্র সমালোচনা করা হয় এবং ঘোষিত বাজেট সংশোধনে আওয়ামী লীগের ১৩ দফা সংশোধনী প্রস্তাবের প্রতি সমর্থন জানানো হয়।

সভায় ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার জন্য দায়ী ব্যক্তিদের আড়াল করতে সরকারের অপচেষ্টার তীব্র নিন্দা জানানো হয় এবং আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবি জানানো হয়।

সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল জলিল বলেন, ‘কোথাকার কোন জর্জকে আদালতে হাজির করার মধ্য দিয়ে সরকার এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।’

আওয়ামী লীগ সংসদীয় দলের পরবর্তী সভা আগামী ২৯ জুন (বুধবার) বিকেল তিনটায় বিরোধী দলীয় নেতার সভাকক্ষে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সংসদে যোগ দেয়া না দেয়ার ব্যাপারে এই সভায় সিদ্ধান্ত নেয়া হবে।