সংসদে কালো টাকা সাদা করার বিধানের বিরুদ্ধে তীব্র সমালোচনা
সরকারি দলের সদস্যরা রোববার জাতীয় সংসদে ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে কালো টাকা সাদা করার বিধানের তীব্র সমালোচনা করেছেন।
তারা বলেন, কালো টাকা সাদা করার বিধান অনৈতিক। এ সুযোগে প্রস্তাবিত বাজেটকে কলুষিত করেছে।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে বিকালে ৫ টা ৪২ মিনিটে সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব উপস্থাপনের পর বাজেটের ওপর নির্ধারিত আলোচনা শুরু হয়।
আলোচনায় অংশ নেন পানি সম্পদ মন্ত্রী এম হাফিজউদ্দিন আহমেদ, আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর, হুইপ আশরাফ আলী, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মজিবর রহমান সারোয়ার, এমএ মতিন, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ, এমএ খালেক, কেএম আনোয়ারুল আজিম, জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির (এরশাদ) মতিয়ার রহমান এবং জামায়াতে ইসলামীর মওলানা আব্দুস সোবহান।
পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ ছাত্র রাজনীতিকে আত্মঘাতি হিসেবে উল্লেখ করে বলেন, আত্মঘাতি ছাত্র রাজনীতি বন্ধ করা দরকার।
তিনি কালো টাকা সাদা করার বিধানের বিরোধিতা করে বলেন, এ উদ্যোগের কোনো নৈতিক যুক্তি নেই। এ সিদ্ধান্ত বাতিল করা উচিত।
আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরও কালো টাকা সাদা করার উদ্যোগের সমালোচনা করেন। তিনি বলেন, অনৈতিক কালো টাকা সাদা করতে কর বৃদ্ধি করা হলেও তা সঠিক হবে না।
তিনি সরকারি কাজের সুবিধার জন্য পরিকল্পনা বিভাগের কার্যক্রম স্ব স্ব মন্ত্রণালয়ে স্থানান্তর করার প্রস্তাব দেন।
তিনি বিভিন্ন সরকারি প্রকল্পে কনসালটেন্ট নিয়োগের সমালোচনা করে বলেন, এরাই সাহায্য বা ঋণের ৭৫ শতাংশ টাকা নিয়ে যায়। ফলে বাকী টাকা দেশের কোনো কাজে লাগে না। এ ধরণের সাহায্য বা ঋণের কোনো প্রয়োজন নেই।
বিএনপির সাংসদ লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে জাতীয় নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করা হয়েছে।
তিনি বাজেটে জাতীয় নিরাপত্তা খাতে প্রস্তাবিত চার হাজার কোটি টাকার বরাদ্দ দ্বিগুণ করে আট হাজার কোটি টাকা করার প্রস্তাব করেন।
তিনি আরো বলেন, এ বাজেটে অনৈতিকভাবে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে।
হুইপ আশরাফ হোসেন বলেন, বাজেটে অর্থমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আমার নির্বাচনী এলাকার বাস্তবতা ফুটে উঠেনি। আমার নির্বাচনী এলাকা খুলনা একটি সমৃদ্ধ এলাকা। এখানে অর্থ ও পাটের অভাবে ২২টি পাটকলের মধ্যে ১৫টি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, কালো টাকা দেশের সর্বনাশ করেছে। বৈধ টাকার মালিকরা অনেক বেশি কর দিয়ে বিনিয়োগ করলেও কালো টাকার মালিকদের অনৈতিকভাবে কম টাকা কর দিয়ে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বাজেটে জিডিপি বৃদ্ধির কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন রেখে বলেন, জিডিপি বৃদ্ধি পেলেই কি দারিদ্র বিমোচন হয়? অর্থনৈতিক প্রবৃদ্ধি হলে দারিদ্র বিমোচনের জন্য বেশি করে অর্থসম্পদ ব্যয় করা যাবে।
তিনি বলেন, আমাদের জাতীয় আয়ের মাত্র ১০ দশমিক ৮ শতাংশ রাজস্ব আয়। এ উপমহাদেশের অন্য যে কোন দেশের তুলনায় কম। এর উন্নয়নে কোন ব্যবস্থা নেয়নি। অথচ আমাদের দেশের দূর্নীতি অপচয় হচ্ছে প্রায় ৪৮ হাজার কোটি টাকা। এই টাকা দিয়ে আরেকটি এ ধরণের বাজেট দেওয়া যায়।
তিনি বলেন, বাজেটের ৬২ শতাংশ রাজস্ব খাতে এবং ৩৮ শতাংশ উন্নয়ন খাতে ব্যয় হবে। উন্নয়ন খাতের ৩৮ শতাংশের অর্ধেকর যোগান হবে বৈদেশিক সাহায্য থেকে।
তিনি দেশের রাজনৈতিক দলগুলোকে তাদের মানসিকতা ও অভ্যাস পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, সনাতনী রাজনৈতিক মানসিকতার পরিবর্তন করে দেশের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার।
