সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলার নিন্দায় আব্দুল জলিল
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়ি বহর ও নগরকান্দা আওয়ামী লীগ কার্যালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি।
তিনি রোববার এক বিবৃতিতে বলেন, সৈয়দা সাজেদা চৌধুরীকে হত্যার উদ্দেশ্যেই নগরকান্দা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদের নেতৃত্বে একদল সশস্ত্র ক্যাডার এই হামলা চালায়।
ফরিদপুরের নগরকান্দায় শনিবার ন্যাক্কারজনক এই হামলার ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, বিএনপি-জামাত জোট সরকার দলীয় ক্যাডার দিয়ে সারাদেশে আওয়ামী লীগের জনপ্রিয় নেতাকর্মীদের নিধন করার যে পরিকল্পনা নিয়েছে সাজেদা চৌধুরীর ওপর হামলা তারই বহি:প্রকাশ।
তিনি এই হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
