বরগুনা জেলা বিএনপি’র সহ-সভাপতি নজরুল ইসলাম বহিষ্কার
দলীয় শৃঙ্খলা বিরোধী ও ভাবমূর্তি বিনষ্টকারী কার্যকলাপের জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদ থেকে এসএম নজরুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে । প্রাথমিকভাবে তার সদস্যপদও স্থগিত করা হয়েছে।
বিএনপি’র কেন্দ্রীয় মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি ফ্যাক্্র বার্তা শনিবার জেলা প্রশাসক জাকির আহমেদের কাছে পাঠানো হয়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মনির চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলীয়করণ, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এজেডএম সালেহ ফারুক ও থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার আনন্দ প্রকাশ করে বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী ও ভাবমূর্তি বিনষ্টকারী কার্যকলাপের জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলামকে বহিস্কার করা হয়েছে।
এলাকার বাসিন্দারা জানায়, উভয় নেতাই চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে জড়িত এবং ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
এর আগেও একবার নজরুল ইসলামকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
