৫৪ ধারা ও ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা সংস্কারের দাবি জানালেন আইনজীবীরা
উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির ভূমিকা এবং বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে আলাপআলোচনা ও পরামর্শ করে বিচারপতি নিয়োগ না করায় বিরোধী দলীয় আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (এসএএসপি) আহ্বায়ক ব্যারিস্টার আমির-উল-ইসলাম বলেন, দেশের আইনজীবীরা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আদালতের বিরুদ্ধে নয়।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের দক্ষিণ হলে আয়েজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি ৫৪ ধারা ও ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারার অপব্যবহার রোধে তা সংস্কারের দাবি জানান।
শুক্রবার আইনজীবী প্রতিনিধিদের দিনব্যাপী বৈঠকের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার আমির বলেন, আদালত প্রাঙ্গনে আইনজীবীরা কোনও আন্দোলন করতে পারবে না, হাইকোর্টের এই আদেশ নিয়ে সিনিয়র আইনজীবীরা গবেষণা করছেন।
তিনি বলেন, দেওয়ানি কার্যবিধির রুল এণ্ড অর্ডার সংসদে আইন পাশের মাধ্যমে পরিবর্তন করা হচ্ছে। তার ফলে সুপ্রিম কোর্টের এখতিয়ার এবং স্বাধীনতা ক্ষুন্ন হচ্ছে।
তিনি বিচারবিভাগ থেকে দলীয় এবং অনুগত বিচারকদের অব্যাহতির জন্য সংসদিয় কমিশন গঠনের দাবি জানান।
ব্যারিস্টার আমির-উল ইসলাম বলেন, বিচার বিভাগের পৃথকীকরণ ও স্বাধীনতা, সুপ্রিম কোর্টে দক্ষ, সৎ এবং অভিজ্ঞ বিচারকের নিয়োগ, সুপ্রিম কোর্ট, বিচারক ও বিচারবিভাগের ভাবমুর্তি ও মর্যাদা রক্ষা এবং সমাজে আইন ও বিচারের শাসন প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলনকে আরও সুসংহত করতে ২৯ জুলাই ঢাকায় মহাসমাবেশের আয়োজন করা হবে।
তিনি সাংবাদিকদের আরও জানান, প্রতি বুধবার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন প্রাঙ্গনে মানববন্ধন আয়োজন করা হবে এভং ২৯ তারিখে মহাসমাবেশের দিন সমন্বয় পরিষদের সদস্যরা কালো ব্যাজ ধারণ করবে। এছাড়াও তারা ৬ জুলাই সারাদেশের সকল বার প্রাঙ্গনে সভা আয়োজনের মাধ্যমে ‘ন্যায় বিচার দিবস’ পালন করবে।
আমির-উল-ইসলাম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে এডভোকেট মাহবুবে আলম, এসএএপি সদস্য সচিব এডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক এসসিবিএ সভাপতি এডভোকেট আব্দুল বাসেত মজুমদার এভং এডভোকেট ওযায়ের ফারুক, এসসিবিএ’র সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, এডভোকেট শাহারা খাতুন, এডভোকেট বশির আহমেদ এবং এডভোকেট সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
