২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সগীর হত্যা : পুরান ঢাকা ও কেরাণীগঞ্জে যৌথ অভিযান, ক্লু পাওয়া যায়নি, কেউ গ্রেপ্তার হয়নি

জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সগীর আহমেদ হত্যার ঘটনায় পুলিশ এখনও কোনও ক্লু খুজে পায়নি, শনিবার যৌথ অভিযান চালিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারে নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

শুক্রবার জুম্মার নামাযের পর পুরান ঢাকায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সগীর।

এ সময়ে আইনপ্রয়োগকারী সংস্থার গুলিতে হত্যাকারীদের মধ্যে একজন নিহত হয়। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় বাধা পেলে পুলিশের এক হাবিলদারকে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে জানান, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা হত্যাকারী ও হত্যার পরিকল্পনাকারীদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মাজহারুল ইসলাম জানান, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।

শুক্রবার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বিডিআর এবং পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য যৌথভাবে পুরান ঢাকা ও কেরাণী গঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অন্যদিকে শনিবার প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র মন্ত্রীরা নগরীর নয়া পল্টনের দলীয় কার্যালয়ে সগীরের কফিনে পুষ্পস্তবক অর্পন করেন। মরহুমের জানাযা নামাজে মন্ত্রীবর্গ এবং দলের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পুলিশ সার্জেন্ট ফরহাদ হত্যাসহ সগীরের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। সাবেক এই ছাত্র দল নেতা ড. মিলন হত্যা মামলা থেকে খালাস পেয়েছিলেন।

অন্যদিকে সগীর হত্যার পর নিহত হত্যাকারীর পরিচয় নিয়েও রহস্যের সৃষ্টি হয়েছে।

মৃত্যুর আগে সে নিজেকে শাওন বলে পরিচয় দেয় এবং তার বাড়ি কেরাণীগঞ্জ বলে জানায়।

তবে কেরাণীগঞ্জ থেকে কেউ তার লাশ নিতে আসে নি।

মিটফোর্ড হাসপাতালের ডাক্তাররা জানান গণপিটুনিতে নয় বরং তাকে গুলি করে হত্যা করা হয়েছে। যা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।