প্রবীন আ. লীগ নেতা কাফেজ উদ্দিনের ইন্তেকাল, শেখ হাসিনার শোক
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ কাফেজ উদ্দিন শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই ছেলে ৬ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে জয়পুরহাটে শোকের ছায়া নেমে এসেছে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীন এই নেতার মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল গভীর শোক প্রকাশ করেছেন।
পৃথক শোক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানান।
এছাড়াও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মধু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানান।
