২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশকে সংঘাত ও দুর্নীতিমুক্ত করতে ঐক্যবদ্ধ হতে দেশবাসীর প্রতি বি চৌধুরী ও ড. কামালের আহ্বান

বিকল্প ধারা বাংলাদেশ (বিডিবি) ও জাতীয় ঐক্যমঞ্চ (জেওএম) আয়োজিত গণ আলোচনা অনুষ্ঠানে জেলাবাসী দেশের রাজনীতি, শাসনব্যবস্থা, অর্থনীতি ও শিক্ষা বিষয়ে তাদের মতামত ব্যক্ত করে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 11:02 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন ও বিকল্প ধারা বাংলাদেশের প্রধান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর উপস্থিতিতে তারা সংঘাত, দুর্নীতি ও রাজনীতিতে কালো টাকার দৌরাত্ব বন্ধের আহ্বান জানায়।

নোয়াখালী পৌরসভা মিলনায়তনে শুক্রবার যৌথভাবে বিকল্প ধারা বাংলাদেশ ও জাতীয় ঐক্যমঞ্চ আয়োজিত এ অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের জনগণ আলোচনায় অংশ নেয়।

বিডিবি সাধারণ সম্পাদক মেজর (অব.) আব্দুল মান্নানের সভাপতিত্বে দু’দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ছাত্র রাজনীতি বজায় রাখার ক্ষেত্রে জনগণের মতামতের প্রতিক্রিয়ায় বি চৌধুরী বলেন, রাজনীতির বর্তমান দুর্বলতার কারণে ছাত্র রাজনীতির উপরও খারাপ প্রভাব প্রড়ছে।

তিনি বলেন, ছাত্র রাজনীতিতে কেবল ছাত্রদেরই অংশ নেয়া উচিত। এছাড়া দেশের সমৃদ্ধির জন্য শিক্ষাঙ্গনগুলোতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা দরকার।

তিনি সংসদ নির্বাচনে মেধাবী ব্যক্তিদের নির্বাচিত করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন।

ড. কামাল হোসেন বেকারত্ব, নির্বাচন কমিশন সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার, দুর্নীতি ও সুশাসনসহ দেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রগুলো হচ্ছে ভবিষ্যত নেতৃত্বের আধার। কিন্তু মেধা বিবেচনা না করে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে।

এজন্য শিক্ষাক্ষেত্রে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডিবি ও জেওএম’র কেন্দ্রীয় নেতা মেজর জেনারেল (অব.) এ হালিম, মাহি বি চৌধুরী, শাহ আহমেদ বাদল, এটিএম কামাল, জাহাঙ্গীর আলম বিপ্লব ও কমান্ডার এ রউফ, হুইপ আবদুর রউফ, মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।