২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নদী সংযোগ পরিকল্পনা বাংলাদেশের জন্য সমূহ ক্ষতিকর: সংসদে পানিসম্পদ মন্ত্রী

ভারতের প্রস্তাবিত নদী সংযোগ পরিকল্পনা বাস্তবায়িত হলে তা বাংলাদেশের জন্য ব্যাপক ক্ষতি বয়ে আনবে, বৃহস্পতিবার পানিসম্পদ মন্ত্রী হাফিজউদ্দীন আহমদ সংসদে এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গত ২০০৩ সালের আগস্টে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও পাঠানো হয়েছে।

ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সাংসদ দেলোয়ার হোসেন খান দুলু’র প্রশ্নের উত্তরে মন্ত্রী আরো জানান, এ প্রকল্পে অর্থায়ন না করার জন্য ইতোমধ্যে বিশ্বব্যাংক ও আইএমএফের কাছেও আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে।

গত বছরের জুলাইয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে তার উদ্বেগ জানিয়েছিলেন এবং ভারতীয় প্রধানমন্ত্রীও বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছূ না করতে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে মন্ত্রী সংসদকে জানান।

মন্ত্রী আরো বলেন, এ ইস্যুতে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ও ফোরামেও কথা বলেছি।

এ ব্যাপারে পানিসম্পদ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করছে বলেও মন্ত্রী সংসদকে অবহিত করেন।