২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যান্ডিং কমিটির বৈঠকে বঙ্গবন্ধু ও জিয়াকে নিয়ে আওয়ামী লীগ এমপি ও প্রতিমন্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক

ইসলামিক ফাউন্ডেশনকে নতুন একটি অধিদপ্তরে পরিণত করার প্রস্তাবের মুখবন্ধে জিয়াউর রহমানের নাম উল্লেখ করা নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্য এবং একজন প্রতিমন্ত্রীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 05:29 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

আওয়ামী লীগ সাংসদ শাহজাহান খান এবং ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাহজাহান বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান দেলওয়ার হোসেন সাঈদী।

বৈঠকে শাহজাহান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করতে তার নাম মুখবন্ধে উল্লেখ করতে হবে। তিনিই স্বাধীনতার পর দেশের ইসলামী মূল্যবোধকে উর্ধ্বে তুলে ধরার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধূর নাম অবশ্যই মুখবন্ধে অন্তর্ভুক্ত করা উচিত। 

ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাহজাহান বলেন, জিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ তিনি ১৯৮০ সালে ধর্ম মন্ত্রণালয় গঠন করেন এবং ফাউন্ডেশনকে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে অন্তর্ভুক্ত করেন।

তিনি বলেন, আমরা একটি দীর্ঘ ইতিহাস লিখতে পারি না। বঙ্গবন্ধুর নাম যদি উল্লেখ করতে হয়, তাহলে আমাদের পাকিস্তান আমল থেকেই লেখা উচিত।

প্রতিমন্ত্রীর এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে শাহজাহান খান বলেন, পাকিস্তানের নাম কেন ? আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন দেশ গড়েছি। আমরা অবশ্যই পাকিস্তানের নাম উল্লেখ করব না।

কমিটির চেয়ারম্যান তাদের বিতর্ক থামিয়ে বলেন, সরকারি ও বিরোধী দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে মুখবন্ধে আমাদের কারও নামই উল্লেখ করা উচিত নয়।

সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক অধিদপ্তরে পরিণত হবে।

বৈঠকে কমিটির অন্যান্য সদস্য শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মোহাম্মদ শহিদুজ্জামান এবং করিম উদ্দিন ভরসা উপস্থিত ছিলেন।