২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে সমন্বিত প্রস্তাবনা এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত করা হবে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে সমন্বিত প্রস্তাবনা নিজ নিজ দলের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত করা সম্ভব হবে বলে ১৪ দলের শীর্ষ নেতারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 09:52 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সমন্বিত প্রস্তাবনা চূড়ান্ত করতে আওয়ামী লীগসহ যুগপৎ আন্দোলনরত ১৪ দলের শীর্ষ নেতারা বুধবার রাতে বৈঠক করেন। সন্ধ্যা ৭ টা থেকে প্রায় দু’ঘন্টার এ বৈঠকে প্রতিটি দলের প্রস্তাবনা নিয়ে সামগ্রিক আলোচনা হয়।

মতিঝিলের একটি অফিসে বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে জানান, এটি ছিল একটি অনানুষ্ঠানিক বৈঠক। এ বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আলোকে সমন্বিত প্রস্তাবনা বিষয়ে নিজ নিজ দলের মধ্যে আবারও আলোচনা করে আনুষ্ঠানিকভাবে একটি অভিন্ন প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করা হবে।

আব্দুল জলিল ছাড়াও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক ও সুরঞ্জিত সেনগুপ্ত, সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, শরিফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, গণ আজাদী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদসহ ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।