২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএপিপিকে দারিদ্র্য ও সন্ত্রাসবাদ দূর করে মানবাধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ বিপর্যয় রোধে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ফ্রান্সের স্টারসবার্গে বুধবার বলেছেন, এশিয়ার দারিদ্র্য, সন্ত্রাসবাদ, মানবাধিকার লঙ্ঘন, পরিবেশ বিপর্যয় রোধে এশিয়ার সাংসদদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 09:27 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এশিয়ার সাংসদদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি, পার্লামেন্টেরিয়ান এসোসিয়েশনটি এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করবে। শুধু তাই নয়, দারিদ্র্য, রোগ, সন্ত্রাসবাদ, অভিবাসন, মানবাধিকার লঙ্ঘন এবং পরিবেশ বিপর্যয় রোধেও সহায়তা করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চীনের বৈদেশিক সম্পর্ক কমিটির ভাইস চেয়ারম্যান জেআই পিডিং, কম্বোডিয়া ন্যাশনাল এসেম্বলির সভাপতি শ্যামদেস ক্রম প্রেস নরোদম রানিদহ, ফিলিপাইনের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ’র স্পিকার জোসে ডি ভেন্সিয়া, পাকিস্তানের ন্যাশনাল এসেম্বলির স্পিকার চৌধুরী অমিত হোসেন, থাইল্যান্ডের জাতীয় পরিষদের স্পিকার ড. ভোকিন ভালখুলা, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক ড. মাহমুদ হাসান। পার্লামেন্টারি এসেম্বলি অব দ্য কাউন্সিল অব ইউরোপ (পিএসিই) আয়োজিত বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রতিনিধি দলটি অংশ নেয়।

অ্যাসোসিয়েশন অব এশিয়ান পার্লামেন্ট ফর পিস’র (এএপিপি) প্রতিষ্ঠাতা শেখ হাসিনা বলেন, এএপিপি’র লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে সমগ্র এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, আমি মনে করি, এএপিপি’র লক্ষ্য অর্জনে এশিয়ার সাংসদরা অনেক বড় ভূমিকা রাখতে পারবেন।

শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি, ইউরোপিয়ান এসেম্বলি অব পার্লামেন্টেরিয়ান সফর এএপিপি’র উদ্দেশ্য কীভাবে অর্জন করা যাবে, তা আমাদের বুঝতে সাহায্য করবে।

এদিকে পার্লামেন্টারি এসেম্বলি অব দ্য কাউন্সিল অব ইউরোপের আমন্ত্রণে যোগ দেওয়া বৈঠকে এশিয়ার সাংসদ এবং প্রবাসী বাঙালিরা সেরা দশ বাঙালির অন্যতম মনোনীত হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

পার্লামেন্টারি এসেম্বলি অব দ্য কাউন্সিল অব ইউরোপের রাজনৈতিক কমিটির বৈঠক চলাকালে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন বুধবার শেখ হাসিনার সেরা দশ বাঙালির অন্যতম নির্বাচিত হওয়ার খবর জানানোর পর এশিয়ার সাংসদরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান।